বক্সনগর, ১৭ নভেম্বর : সিপাহীজলা জেলার বক্সনগরের আশাবাড়ি বিএসএফ জওয়ানদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তদন্তে আরও বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় ২৩ ও ২৪ নম্বর অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে কাউসার আহমেদ ও তার বোন পিয়ালী আক্তারকে (কাল্পনিক নাম)। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে দুই অভিযুক্তকে সোনামুড়া মহকুমা আদালতে পেশ করা হয়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার দিন বিএসএফ জওয়ানদের উপর হামলার সময় কাউসার আহমেদকে হাতে একটি বড় লাঠি নিয়ে জওয়ানদের উপর চড়াও হতে দেখা যায়। অন্যদিকে, তার বোন পিয়ালী আক্তারের বিরুদ্ধেও এক বিএসএফ জওয়ানের মাথা ও পায়ে আঘাত করার অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিও ফুটেজে হামলার সময় তাঁদের ভূমিকা স্পষ্টভাবে ধরা পড়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। এই ঘটনায় দুজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।
এদিকে, ধৃতদের রাজনৈতিক যোগাযোগ নিয়েও এলাকায় চর্চা শুরু হয়েছে। অভিযোগ, কাউসার আহমেদ ও পিয়ালী আক্তার স্থানীয় আশাবাড়ী পঞ্চায়েতের উপপ্রধান তথা বিধায়ক তোফাজ্জল হোসেনের ভাগিনা আলামিন হোসেনের কাকাতো ভাই ও বোন। স্থানীয় সূত্রে দাবি, প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে থেকে তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।
পিয়ালী আক্তারের অতীত কর্মকাণ্ড নিয়েও একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং থানার অন্তর্গত পাচড়া গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। অভিযোগ, স্বামীর বাড়িতে কিছুদিন থাকার পর সীমান্তবর্তী এলাকায় অবৈধ পাচার কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্যে সে সপরিবারে বাপের বাড়িতে ফিরে আসে। বর্তমানে তাঁর স্বামী অবৈধভাবে ভারতের চেন্নাইয়ে বসবাস করছে বলেও খবর পাওয়া গেছে। তবে এই সংক্রান্ত তথ্যের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শুধু তাই নয়, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় জাল নথিপত্র ও অনিয়মের মাধ্যমে পিয়ালী আক্তার নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল বলেও গুরুতর অভিযোগ উঠেছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও একাধিকবার বিবাদে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, গত এক বছরে কলমচৌড়া থানায় পিয়ালী আক্তারের বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের হয়েছে। ফলে বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় তাঁর গ্রেফতারিকে ঘিরে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, বক্সনগরের আশাবাড়ি এলাকায় বিএসএফ জওয়ানদের উপর সংঘটিত হামলার ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এবার আরও দুই অভিযুক্তের গ্রেফতারি তদন্তে নতুন মাত্রা যোগ করল। ঘটনার সঙ্গে জড়িত বাকি পলাতক অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বিএসএফ জওয়ানদের উপর এই হামলার ঘটনায় জড়িত প্রত্যেক অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। তদন্ত যত এগোচ্ছে, ততই ঘটনার নেপথ্যে থাকা আরও নানা তথ্য সামনে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে।

