কৃষকরা এখন বহুমুখীকরণের দিকে এগিয়ে আসছেন, মন্তব্য শিবরাজের

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে কৃষির বহুমুখীকরণ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং কৃষকরা এখন প্রথাগত চাষের পাশাপাশি অর্থকরী উদ্যানপালন ফসলের দিকে ঝুঁকছেন বলে জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় অগ্রিম অনুমান অনুযায়ী, দেশে উদ্যানপালন ফসলের মোট উৎপাদন ৪.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৮৬৯.১৫ লক্ষ টনে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “আজ এই তথ্য ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে কৃষির বহুমুখীকরণ দ্রুত এগোচ্ছে এবং কৃষকরা এখন ক্রমবর্ধমান হারে বহুমুখীকরণের দিকে এগিয়ে আসছেন। আমাদের উদ্যানপালন ক্ষেত্রে উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২৫-২৬ সালের তৃতীয় অগ্রিম অনুমান অনুসারে, উদ্যানপালন ফসলের মোট উৎপাদন ৩,৮৬৯.১৫ লক্ষ টনে পৌঁছনোর আশা করা হচ্ছে। ২০২৪-২৫ সালে এই উৎপাদন ছিল প্রায় ৩,৭০৭.৩৮ লক্ষ টন। অর্থাৎ ২০২৫-২৬ সালে উৎপাদন ১৬১.৭৭ লক্ষ টন বৃদ্ধি পেয়েছে, যা ৪.৩৬ শতাংশ বৃদ্ধির হারকে নির্দেশ করে— এটি নিজেই একটি উল্লেখযোগ্য অর্জন।”
চাষের জমি সামান্য কম হওয়া সত্ত্বেও উৎপাদন বৃদ্ধির সাফল্য তুলে ধরে তিনি বলেন, “আগের বছরের ৩০১ লক্ষ হেক্টর জমির তুলনায় এবার চাষের আওতাধীন এলাকা কিছুটা কম— প্রায় ২৯৭ লক্ষ হেক্টর হওয়া সত্ত্বেও এই উৎপাদন অর্জিত হয়েছে। আমাদের উন্নত কৃষি পদ্ধতি, আধুনিক প্রযুক্তি এবং উন্নতমানের ফসলের জাতের পাশাপাশি কৃষকদের দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।”
ফল ও সবজির রেকর্ড উৎপাদনের পরিসংখ্যান পেশ করে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, “ফলের উৎপাদনেও ব্যাপক বৃদ্ধি ঘটেছে। কলা, আম, পেঁপে, আপেল, ডালিম এবং কাঁঠালের বাম্পার ফলনের হাত ধরে মোট ফলের উৎপাদন আগের বছরের তুলনায় ৪.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আলু ও টমেটো-সহ শাকসবজির ক্ষেত্রেও রেকর্ড উৎপাদন হয়েছে। সবজির মোট উৎপাদন ৪.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,২৭২.৬৮ লক্ষ টনে পৌঁছানোর আশা করা হচ্ছে।”
বিভিন্ন ফসলের পৃথক খতিয়ান তুলে ধরে শিবরাজ সিং চৌহান বলেন, “বিশেষ করে আলু ও টমেটোর ক্ষেত্রে রেকর্ড উৎপাদনের পূর্বাভাস মিলেছে। আলুর উৎপাদন ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৫৫.৭০ লক্ষ টনে পৌঁছেছে এবং টমেটোর উৎপাদন ২১৪ লক্ষ টন হবে বলে অনুমান করা হচ্ছে। আলু ও টমেটোর পাশাপাশি আমাদের মোট পেঁয়াজের উৎপাদনও ২৮৮.৯৬ লক্ষ টনে পৌঁছানোর আশা করা হচ্ছে।”
এছাড়াও ফুল, মশলা, বাগিচা ফসল এবং ভেষজ উদ্ভিদের উৎপাদনের কথা উল্লেখ করে তিনি জানান, “ফুল, মশলা এবং অন্যান্য উদ্যানপালন ফসলের উৎপাদনেও আমরা উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করেছি। ফুলের উৎপাদনে প্রায় ১৪.৪৫ শতাংশ ব্যাপক বৃদ্ধি ঘটেছে। অন্যদিকে, সুপারি, নারকেল, কাজুবাদাম, পান পাতা এবং কোকোর মতো বাগিচা ফসলের উৎপাদন ৭.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮২.৬৪ লক্ষ টনে পৌঁছেছে। পাশাপাশি, সুগন্ধি ও ভেষজ উদ্ভিদের উৎপাদন ৯.২৮ লক্ষ টনে পৌঁছানোর আশা করা হচ্ছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *