মাইথনের থার্ড ডাইক জলাধারে ছটপুজোয় পুণ্যার্থীদের ঢল, সামিল বিধায়ক অরিজিৎ রায়

সালানপুর, ১৬ নভেম্বর : রবিবার বিকেল থেকেই ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠল মাইথনের থার্ড ডাইক জলাধার। প্রথম দিনের অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও বহু ছটব্রতী ও পুণ্যার্থী ভিড় জমান এই ঘাটে।
এদিন ছটপুজোয় সামিল হন বারাবনি বিধানসভার বিধায়ক অরিজিৎ রায়। নিজে জলাভিষেক করে ব্রতীদের সঙ্গে উৎসবে অংশ নেন তিনি। বিধায়ক জানান, প্রতি বছরের মতো এবারও তিনি মাইথনে ছটপুজোয় এসেছেন। এ বছর নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিধানসভার প্রতিটি বুথে ছটপুজোর আয়োজন যেখানে হয়েছে, সেখানে যাওয়ারও চেষ্টা করবেন তিনি।
পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী ফাঁড়ির পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুজো কমিটির সভাপতি ভোলা সাউ জানান, এবারও প্রায় পাঁচ হাজার মানুষের সমাগমের আশা রয়েছে। প্রশাসনের নজরদারি ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রথম দিনের পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সোমবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শেষ হবে ছটপুজো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *