কলকাতা, ১৪ নভেম্বর : ১০ জোড়া বিশেষ ট্রেন। বিশেষতঃ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়া ডিভিশনের উদ্যোগে ১৪/১৫ নভেম্বর থেকে ২০/২১ নভেম্বর পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল রুটে ৮ জোড়া, বালি-ব্যান্ডেল রুটে ১ জোড়া এবং হাওড়া-বর্ধমান রুটে ১ জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চলবে। সব ট্রেনগুলি যাত্রা পথে সমস্ত স্টেশনে থামবে।
এছাড়াও হাওড়া-মশাগ্রাম লোকাল বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত হবে। ফিরতি পথে বর্ধমান-হাওড়া বিশেষ ট্রেন চলবে। এর জেরে ১৪ থেকে ২০ নভেম্বর বাতিল থাকবে ৩৬০৮৮ মশাগ্রাম-হাওড়া লোকাল। কয়েকটি মেমু ও প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজও বাড়ানো হয়েছে। রবিবার ১৫ নভেম্বর দুপুর ৩টে পর্যন্ত হাওড়া ডিভিশনে স্বাভাবিক কর্মদিবসের সূচি মেনেই ট্রেন চলবে।

