অপরাধীদের রেয়াত করার দিন শেষ, রায়গঞ্জে এনকাউন্টার প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী শঙ্করের

শিলিগুড়ি, ৯ নভেম্বর : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্তের পুলিশি এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে নারী সুরক্ষায় বর্তমান সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। সোমবার সকালে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পূর্বতন সরকারের আমলের মতো অপরাধীদের রেয়াত করার দিন শেষ; নারী সুরক্ষায় বর্তমান প্রশাসন কোনও আপস করবে না। তবে একইসঙ্গে এনকাউন্টারের সামগ্রিক পরিস্থিতির সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার কথাও স্পষ্ট করেন তিনি।
রায়গঞ্জের ঘটনার প্রেক্ষিতে মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “আমি আগেও বলেছি, আগের সরকারের আমলে আমরা দেখেছি মহিলাদের ওপর একের পর এক অপরাধ সংঘটিত হতো। নারীদের ওপর নির্মম নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ড চললেও কোনও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হতো না। কিন্তু এবার নারীঘটিত অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকার অত্যন্ত কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে।”
এনকাউন্টারের ঘটনা নিয়ে মন্ত্রী আরও যোগ করেন, “আমি আগেই স্পষ্ট করেছি যে, ঠিক কী পরিস্থিতিতে এই এনকাউন্টার সংঘটিত হয়েছিল, প্রথমে তা যথাযথভাবে মূল্যায়ন ও খতিয়ে দেখা প্রয়োজন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পরেই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। তাই এই ঘটনার ক্ষেত্রে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া বাধ্যতামূলক।”
নারী সুরক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আশ্বস্ত করেন, অপরাধী যে-ই হোক না কেন, শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গোটা প্রক্রিয়ায় আইনের অনুশাসন ও তদন্তের স্বচ্ছতা বজায় রাখা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *