অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে শাক্যমুনি বুদ্ধের পবিত্র দেহাবশেষের দর্শন ও আশীর্বাদ লাভ করলেন ৩১ হাজার ভক্ত

নয়াদিল্লি, ৯ নভেম্বর,২০২৬ : ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, অরুণাচল প্রদেশ সরকার এবং নয়াদিল্লির ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের (আইবিসি) যৌথ উদ্যোগে আয়োজিত শাক্যমুনি বুদ্ধের পবিত্র দেহাবশেষের প্রদর্শনীর তাওয়াং পর্ব ৭ নভেম্বর ২০২৬, শেষ হয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলেছে এই প্রদর্শনীতে। সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলাকালীন তাওয়াংয়ের গাদেন নামগিয়াল লাটসে (তাওয়াং মঠে) মোট ৩১ হাজার ভক্ত ও দর্শনার্থী পবিত্র দেহাবশেষ দর্শন করেন।

যথাযথ প্রোটোকল ও আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ৩১ অক্টোবর ২০২৬ তারিখে নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালা থেকে পবিত্র দেহাবশেষ তাওয়াংয়ে নিয়ে আসা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পবিত্র দেহাবশেষ গ্রহণ করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী প্রেমা খান্ডু।

এই পবিত্র প্রদর্শনীর মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু, প্রবীণ নাগরিক এবং সাধারণ মানুষ শাক্যমুনি বুদ্ধের পবিত্র দেহাবশেষের সামনে শ্রদ্ধা নিবেদন, প্রার্থনা এবং আশীর্বাদ লাভের সুযোগ পান। সাত দিন ধরেই তাওয়াং মঠে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। তাওয়াং জেলার সমস্ত ব্লক এবং পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে ভক্তরা এখানে উপস্থিত হন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এই অঞ্চলের মানুষের কাছে পবিত্র দেহাবশেষের গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বকেই প্রতিফলিত করেছে।

প্রদর্শনীর অঙ্গ হিসেবে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডু তাওয়াং মঠে দুটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন। ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন (আইবিসি) আয়োজিত ‘আনআর্থিং দ্য সেক্রেড পিপরাহওয়া: দ্য স্টোরি অফ দ্য হলি বুদ্ধ রেলিকস অ্যান্ড দেয়ার ডিসকভারি’ শীর্ষক প্রদর্শনীতে ১৮৯৮ সালে পিপরাহওয়ায় বুদ্ধের পবিত্র দেহাবশেষ আবিষ্কারের ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়। দ্বিতীয় প্রদর্শনী ‘ক্রসরোডস অফ ধম্মা: ক্লাসিক্যাল লেগাসিজ, লিভিং আর্ট অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস’ আয়োজন করে নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালা। এই প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা বৌদ্ধধর্মের ঐতিহাসিক, শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং তার সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে জানার সুযোগ পান।

২০২৬ সালের ২ নভেম্বর ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের উদ্যোগে তাওয়াংয়ের কালাওয়াংপো কনভেনশন সেন্টারে ‘বুদ্ধিজম: ডিসেমিনেশন ইন দ্য হিমালয়ান রিজিয়ন অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে ভারত-সহ বিভিন্ন দেশের বৌদ্ধ পণ্ডিত, ধর্মীয় নেতা এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। হিমালয় অঞ্চল-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বৌদ্ধ শিক্ষার প্রসার এবং বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়।

৭ নভেম্বর তাওয়াংয়ে পবিত্র দেহাবশেষের প্রদর্শনী শেষ হওয়ার পর এবার তা পরবর্তী গন্তব্য বমডিলায়। ৮ নভেম্বর ২০২৬ তারিখে ভারতীয় বায়ুসেনার বিমানে পবিত্র দেহাবশেষ বমডিলায় নিয়ে যাওয়া হয়। আপার গোম্পায় কিছুক্ষণ বিরতির পর পবিত্র দেহাবশেষ বমডিলার টিজিএল মঠে (লোয়ার গোম্পা) স্থাপন করা হয়। সেখান ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত সাধারণ মানুষের দর্শনের জন্য তা উন্মুক্ত থাকবে।

এরপর পবিত্র দেহাবশেষ নিয়ে যাওয়া হবে নামসাইয়ের গোল্ডেন প্যাগোডায়। সেখানে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাধারণ মানুষ পবিত্র দেহাবশেষ দর্শনের সুযোগ পাবেন। এরপর ২১ নভেম্বর ২০২৬ তারিখে পবিত্র দেহাবশেষ পুনরায় নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

এই প্রদর্শনীর মধ্য দিয়ে ভারতের সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে এবং বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ভারত সরকারের ধারাবাহিক অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *