১০ লক্ষ পুণ্যার্থীর সমাগমের আশা, ড্রোন শো-সহ বর্ণাঢ্য দীপাবলি মেলার প্রস্তুতি তুঙ্গে মাতাবাড়িতে

উদয়পুর, ৩ নভেম্বর : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ও দীপাবলি মেলাকে কেন্দ্র করে ভক্ত-পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ। এবারের দীপাবলি উৎসব ও মেলায় প্রায় ১০ লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছে গোমতী জেলা প্রশাসন। উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে।

এবারের দীপাবলি মেলায় ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি আধুনিক বিনোদনেরও বিশেষ ব্যবস্থা থাকছে। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে আয়োজন করা হবে ড্রোন শো। পাশাপাশি তিন দিন ধরে রাজ্যের এবং রাজ্যের বাইরের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দির ও সংলগ্ন এলাকায় থাকবে বর্ণাঢ্য আলোকসজ্জা। এছাড়া কাশী থেকে আগত পণ্ডিতদের দ্বারা মঙ্গল আরতির আয়োজন করা হবে, যা উৎসবের ধর্মীয় আবহকে আরও সমৃদ্ধ করবে।

আসন্ন দীপাবলি উৎসব ও মেলাকে সামনে রেখে প্রতিদিন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এবং সংলগ্ন এলাকায় পরিদর্শন করছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, মাতারবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ পাল, গোমতী জেলার সহ-সভাধিপতি সুজন সেন-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা পরিদর্শন করে প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।

জেলাশাসক রিঙ্কু লাথের জানান, এবারের দীপাবলি মেলায় প্রায় ১০ লক্ষ পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে উৎসবের সুষ্ঠু পরিচালনা এবং পুণ্যার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেলায় আগত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সত্ত্বেও যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান এবং আধুনিক আলোকসজ্জা ও বিনোদনের সমন্বয়ে এবারের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের দীপাবলি উৎসব আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *