স্বচ্ছতা রক্ষায় ক্লাবগুলিকে সক্রিয় হওয়ার আহ্বান মেয়র দীপকের

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : এলাকার পরিবেশ ও স্বচ্ছতা বজায় রাখতে স্থানীয় ক্লাবগুলিকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাঁর বক্তব্য, এলাকার পরিচ্ছন্নতা শুধু পুর নিগমের একার দায়িত্ব নয়; সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট এলাকার ক্লাবগুলিকেও এই দায়িত্ব পালন করতে হবে। বুধবার আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি।

এদিন মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান কর্মসূচিরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনা রানি সরকার, আগরতলা পুর নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে নবনির্মিত ক্লাব ভবনের উদ্বোধন করেন মেয়র, বিধায়ক সহ অন্যান্য অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, একটি এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার দায়িত্ব কেবল পুর নিগমের নয়। এলাকার বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলিকেও এই কাজে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বাড়িঘর থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে ক্লাবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি জানান, বাড়িঘর থেকে আবর্জনা পরিষ্কারের জন্য মাসে ৬০ টাকা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। কোন কোন পরিবার এই টাকা দিচ্ছে এবং কারা দিচ্ছে না, তার তালিকা সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসে পাওয়া যাবে। মেয়র স্থানীয় ক্লাবগুলিকে ওই তালিকা নিয়ে আলোচনা করার আহ্বান জানান। যারা নিয়মিত পরিষেবা গ্রহণ করেও নির্ধারিত অর্থ প্রদান করছেন না, তাঁদের বিষয়টি নিয়ে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ক্লাবগুলিকে সহযোগিতা করার কথাও বলেন তিনি।

এদিন মেয়র আগরতলা পুর নিগমের রাজস্ব আদায় নিয়েও কথা বলেন। তাঁর দাবি, বর্তমানে নিগম এলাকার প্রায় ৬০ শতাংশ মানুষ কর প্রদান করছেন। বাকি প্রায় ৪০ শতাংশ মানুষ এখনও কর প্রদান করছেন না। তবে কর আদায়ে ঘাটতি থাকা সত্ত্বেও আগরতলা পুর নিগম জনস্বার্থে ১০০ শতাংশ পরিষেবা প্রদান করে যাচ্ছে বলে জানান তিনি। নাগরিকদের নিয়মিত কর ও নির্ধারিত পরিষেবা-সংক্রান্ত অর্থ প্রদানের মাধ্যমে নিগমের পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান মেয়র।

ক্লাব ভবন উদ্বোধনের পর সংশ্লিষ্ট এলাকায় মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেয়র, বিধায়ক-সহ অন্যান্য অতিথিরা এই কর্মসূচিতেও অংশ নেন। এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্বচ্ছতা অভিযানের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন দোকানে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা দিতে ক্যারি ব্যাগ বিতরণ করা হয়। প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, পরিবেশকে স্বচ্ছ ও সুস্থ রাখতে হলে এখন থেকেই প্লাস্টিকের ব্যবহার বর্জনের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং স্থানীয় ক্লাবগুলিকে সম্মিলিতভাবে পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসতে হবে।

মিলন চক্র ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে এদিন এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ক্লাবগুলিকে সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বচ্ছতা ও পরিবেশ সুরক্ষার কাজে আরও সক্রিয় করার বার্তাই উঠে আসে অনুষ্ঠানে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *