আগরতলা, ১৬ সেপ্টেম্বর : ত্রিপুরার সমস্ত জনজাতি হোস্টেলে স্থায়ী হোস্টেল ওয়ার্ডেন এবং সিকিউরিটি গার্ড নিয়োগের দাবি জানাল বামপন্থী জনজাতি ছাত্র সংগঠন ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)। সম্প্রতি আগরতলায় সুপারি বাগানস্থিত জনজাতি ছাত্রী নিবাসে জনৈক ছাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলগুলির নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার পরই এই দাবি সামনে আনল সংগঠনটি। বুধবার চার দফা দাবির ভিত্তিতে জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে টিএসইউ।
সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার নেতৃত্বে প্রতিনিধিদল জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি তুলে ধরে। টিএসইউ-এর অভিযোগ, রাজ্যের একাধিক জনজাতি হোস্টেলে স্থায়ী ওয়ার্ডেন কিংবা নিরাপত্তারক্ষী নেই। এর ফলে আবাসিক ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হচ্ছে।
সুজিত ত্রিপুরা জানান, জনজাতি হোস্টেলগুলিতে আবাসিক ছাত্রছাত্রীদের দেখভাল, তাঁদের সমস্যার বিষয়ে নজরদারি এবং যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থায়ী ওয়ার্ডেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে হোস্টেলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী সিকিউরিটি গার্ডের প্রয়োজন রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ পদগুলিতে স্থায়ী নিয়োগ না থাকায় হোস্টেলগুলিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
সম্প্রতি রাজধানীর সুপারি বাগানস্থিত জনজাতি ছাত্রী নিবাসে জনৈক ছাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনাটিও এদিনের ডেপুটেশনে বিশেষভাবে তুলে ধরে টিএসইউ। সংগঠনের সাধারণ সম্পাদক দাবি করেন, ওই ঘটনাই হোস্টেলগুলিতে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাকে আরও গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজনীয়তা সামনে এনেছে। তাঁর বক্তব্য, এটি কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। এর আগেও ওই হোস্টেলে জনৈক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছিল বলে তিনি দাবি করেন। পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুলের হোস্টেল এবং আম্বেদকর হোস্টেলেও ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
টিএসইউ-এর বক্তব্য, আবাসিক ছাত্রছাত্রীরা দিনের বড় একটি সময় হোস্টেলেই কাটায়। ফলে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা, নিয়মিত নজরদারি এবং প্রয়োজনের সময় মানসিক ও প্রশাসনিক সহায়তার ব্যবস্থা থাকা জরুরি। কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত হস্তক্ষেপের জন্য হোস্টেল কর্তৃপক্ষের পাশাপাশি নিরাপত্তারক্ষীর উপস্থিতিও গুরুত্বপূর্ণ বলে দাবি সংগঠনের।
সুপারি বাগানস্থিত ছাত্রী নিবাসের সাম্প্রতিক ঘটনার তদন্ত বর্তমানে বিভাগীয় পর্যায়ে চলছে। গুরুতর আহত ছাত্রীটি বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি রাজ্যের সমস্ত জনজাতি হোস্টেলের নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থার পর্যালোচনার দাবি জানিয়েছে টিএসইউ।
ডেপুটেশনে স্থায়ী ওয়ার্ডেন ও সিকিউরিটি গার্ড নিয়োগের পাশাপাশি জনজাতি হোস্টেলগুলিতে আবাসিকদের নিরাপত্তা, সুষ্ঠু পরিচালনা এবং প্রয়োজনীয় নজরদারি ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানানো হয়। সংগঠনের আশা, জনজাতি কল্যাণ দফতর বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

