আগরতলা, ২ সেপ্টেম্বর : নেশাবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল আগরতলা জিআরপি। আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃত যুবকের কাছ থেকে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ৫ লক্ষ টাকা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জনৈক যুবকের উপর নজরদারি চালান জিআরপিএস-এর কর্তব্যরত পুলিশকর্মীরা। পরবর্তীতে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাঁর সঙ্গে থাকা দুটি পিঠু ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয়।
উদ্ধার হওয়া গাঁজার ওজন করা হলে মোট পরিমাণ দাঁড়ায় ২১.৮১৫ কেজি। এরপর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম অয়ন দেববর্মা (২১) বলে পুলিশ জানিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা রেলপথে অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। পাচারচক্রের সঙ্গে ধৃত যুবকের আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত অয়ন দেববর্মার বিরুদ্ধে এনডিপিএস আইনে আগরতলা জিআরপিএস থানায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে গাঁজা পাচারের নেপথ্যে থাকা আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

