আগরতলা, ৩১ আগস্ট : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটির নির্বাচনে ভোটগ্রহণ এবং ৫ অক্টোবর ভোট গণনা হবে। নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে ১ সেপ্টেম্বর। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই ভিলেজ কমিটি এলাকাগুলিতে আদর্শ আচরণবিধি কার্যকর হবে।
সোমবার সাংবাদিক সম্মেলনে নির্বাচনের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী। তিনি জানান, এবার রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে ৫২টি ব্লকে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ বছর পর নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল ও সংশ্লিষ্ট এলাকাগুলিতে তৎপরতা শুরু হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনার জানান, ২০২১ সালের ৮ মার্চ টিটিএএডিসি-র ভিলেজ কমিটিগুলির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু করোনা অতিমারির কারণে নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২২ সালে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও করোনা পরিস্থিতির কারণে সেই নির্বাচনও স্থগিত করতে হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো।
ঘোষিত সূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ সেপ্টেম্বর। ওইদিন বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ভিলেজ কমিটির নির্বাচন হবে ব্যালট পেপারের মাধ্যমে। আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রয়োজন হলে ৩ অক্টোবর পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৫ অক্টোবর সকাল ৮টা থেকে। পুরো নির্বাচন প্রক্রিয়া ৮ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৬১ হাজার ৯৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৪ লক্ষ ৮২ হাজার, মহিলা ভোটার ৪ লক্ষ ৮০ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, টিটিএএডিসি এলাকায় মোট ৫৮৭টি ভিলেজ কমিটি রয়েছে। নির্বাচনী কেন্দ্রের সংখ্যা ২,৬৩৪টি এবং মোট আসন ৪,৫৯৭টি। নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনার জন্য ২৩১ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ৩৭৩ জন সেক্টর অফিসার এবং প্রায় ৮,৫০০ জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জিএস রাও-ও উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন পর টিটিএএডিসি-র ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় রাজনৈতিক দলগুলির কাছেও এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই মনোনয়ন, প্রার্থী বাছাই এবং প্রচার-প্রস্তুতিতে আরও গতি আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

