রাবার বাগানে আচমকা ভালুকের হামলা, গুরুতর জখম দম্পতি

শান্তিরবাজার, ৩০ আগস্ট  : রাবার বাগান পরিষ্কার করতে গিয়ে আচমকা ভালুকের হামলায় গুরুতর আহত হয়েছেন স্বামী-স্ত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর টিটিএএডিসি ভিলেজের পাঞ্জীরায় মগপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঞ্জীরায় মগপাড়ার বাসিন্দা অংসাফাই মগ এবং তাঁর সহধর্মিণী অংসানো মগ রবিবার সকালবেলায় বাড়ির নিকটবর্তী একটি রাবার বাগান পরিষ্কার করার জন্য যান। বাগানের কাজ করছিলেন তাঁরা। সেই সময় আচমকাই একটি ভালুক তাঁদের উপর আক্রমণ চালায় বলে জানা গেছে।

আচমকা ভালুকের হামলায় দিশেহারা হয়ে পড়েন স্বামী-স্ত্রী। ভালুকের কামড়ে দুজনেই গুরুতরভাবে আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর তাঁদের চিৎকার ও পরিস্থিতির খবর পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত অংসাফাই মগ ও অংসানো মগকে উদ্ধার করে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রাবার বাগানে কাজ করতে গিয়ে দিনের আলোয় এমন আকস্মিক ভালুকের হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে বাগান ও জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ এবং রাবার শ্রমিকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বন্যপ্রাণীর এমন আকস্মিক উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠেছে।

ঘটনার পর বন দফতরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি জঙ্গল ও রাবার বাগান এলাকায় কাজ করার সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *