মাশুল বৃদ্ধি প্রত্যাহার ও বেসরকারিকরণ বন্ধের দাবিতে ধর্মনগরে স্মারকলিপি বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির

ধর্মনগর, ৩ আগস্ট : বিদ্যুৎ পরিষেবাকে সার্বজনীন মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি প্রদান, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার এবং বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের উদ্যোগ বন্ধসহ ১২ দফা দাবিতে সরব হলো বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সংগঠনের বিভাগীয় কমিটির পক্ষ থেকে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেড (টিএসইসিএল)-এর অ্যাডিশনাল জেনারেল ম্যানেজারের কাছে বিস্তারিত দাবি-সনদ সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কেন্দ্রের বিদ্যুৎ ও শক্তি নীতির ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ পাওয়ার অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে ডিউটি চার্জ, ফুয়েল চার্জ ও ফিক্সড চার্জের নামে অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ বাড়ানো হচ্ছে। অবিলম্বে এই অতিরিক্ত চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের নাগালের মধ্যে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা সম্পূর্ণভাবে সরকারি মালিকানা ও সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রাখতে হবে। বিদ্যুৎ খাতে বেসরকারিকরণের যে কোনও উদ্যোগ সাধারণ মানুষের স্বার্থবিরোধী বলেও তাঁরা দাবি করেন।

এছাড়াও স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের ডিজিটাল মিটার পুনর্বহালের দাবি জানানো হয়। পাশাপাশি প্রিপেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জ সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করারও আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়নের জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগ করতে হবে। দীর্ঘদিন ধরে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মীদের নিয়মিতকরণ এবং চাকরিরত অবস্থায় দুর্ঘটনায় আহত কর্মীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

ধর্মনগর মহকুমায় সামান্য বৃষ্টিপাত হলেই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের দাবি জানানো হয়। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ এবং দ্রুত ত্রুটি মেরামতের ব্যবস্থাও জোরালোভাবে দাবি করা হয়।

সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদ্যুৎ নিগম ও রাজ্য সরকার যদি দ্রুত এই দাবিগুলির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির ধর্মনগর মহকুমা সম্পাদক অজয় কুমার দেব, সভাপতি সুভাষ রায়, সদস্য মানিকলাল নাথ, পার্থ প্রতিম নাথ, সজল চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সমর্থকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *