ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সরব সিপিআই

আগরতলা, ২১ জুলাই : ত্রিপুরা পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) রাজ্য পরিষদ। মঙ্গলবার আগরতলায় জুনু দাস স্মৃতিভবনের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য পরিষদের সাধারণ সম্পাদক মিলন বৈদ্য এই দাবি তুলে ধরেন।

মিলন বৈদ্য বলেন, অনুরাগ ধনকর একজন দক্ষ, সৎ, নির্ভীক ও বিনয়ী পুলিশ আধিকারিক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও সৎ কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর মনে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। সিপিআই-এর মতে, এই মৃত্যুর পেছনে রাজ্যে ক্রমবর্ধমান মাদক চক্র, মাফিয়াদের দৌরাত্ম্য, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অপরাধচক্রের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের মতো বিষয়গুলি জড়িত থাকতে পারে।

তিনি অভিযোগ করেন, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে অনুরাগ ধনকর প্রবল চাপের মুখে পড়েছিলেন।  সেই চাপের কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। তাই ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করার দাবি জানায় সিপিআই।

মিলন বৈদ্য আরও বলেন, এই ঘটনায় শুধু একটি পরিবারের নয়, গোটা রাজ্যের মানুষের জানার অধিকার রয়েছে। প্রকৃত কারণ সামনে এলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধেও তা সহায়ক হবে।

সাংবাদিক সম্মেলনে তিনি দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনে পুলিশের কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমনে বলপ্রয়োগ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সিপিআই রাজ্য পরিষদ দিল্লিতে আন্দোলনরত ছাত্র-যুবদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং তাঁদের গণতান্ত্রিক দাবি আদায়ের আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার করছে।

উল্লেখ্য, প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এর আগেই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সিপিআই(এম) ও কংগ্রেস। এবার একই দাবিতে সরব হলো সিপিআই। ফলে বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *