আগরতলা, ১৩ জুলাই : আগরতলায় বিদ্যাসাগর এলাকার প্রফেসর পাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত যুবকের নাম বিষ্ণু বণিক (২৬)। তাঁর বাড়ি খোয়াই জেলার কল্যাণপুর এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, প্রফেসর পাড়ার বাসিন্দা জয়দীপ সেন চৌধুরীর বাড়িতে প্রায় দুই বছর ধরে ভাড়া থাকতেন বিষ্ণু বণিক। তিনি কাশীপুর এলাকার একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। কর্মসূত্রে আগরতলায় থাকলেও প্রতি সপ্তাহে শনিবার কাজ শেষ করে তিনি নিজের বাড়ি কল্যাণপুরে চলে যেতেন এবং সোমবার পুনরায় আগরতলায় ফিরে আসতেন।
পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি ব্যক্তিগত কারণে বিষ্ণু মানসিকভাবে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। শনিবার বাড়িতে থাকার সময় তিনি মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কারও সঙ্গে কথা বলেছিলেন। এরপর থেকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে তেমন কথা বলেননি বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, বাড়ির মালিক জয়দীপ সেন চৌধুরী জানান, রবিবার রাত ৯টা নাগাদ বিষ্ণুর সঙ্গে তাঁর শেষবারের মতো কথা হয়। সে সময় বিষ্ণুকে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর থেকে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল।
সোমবার দীর্ঘ সময় ধরে ঘরের দরজা না খোলায় সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় বিষ্ণু বণিকের মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি যুবকের মোবাইল ফোন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

