প্রকাশ্য দিবালোকে অটো চুরি, ধাওয়া করে অটো-সহ চোরকে পাকড়াও

আগরতলা, ৯ জুলাই : রাজধানী আগরতলায় আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই এবার প্রকাশ্য দিবালোকে বাড়ির সামনে থেকে অটো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে অটো মালিক ও স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত চুরি যাওয়া অটো-সহ অভিযুক্তকে ধরে ফেলা সম্ভব হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে কলেজটিলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়।

জানা গেছে, পূর্ব আগরতলা থানাধীন যোগেন্দ্রনগর গার্লস স্কুলের সামনে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। অটো মালিক টিআর০১-এল-২৯৮৪ নম্বরের অটোটি মেরামত করার পর বাড়ির সামনেই রাস্তার ধারে রেখে দুপুরের খাবার খেতে বাড়িতে যান। বাড়িটি রাস্তার একেবারে পাশেই হওয়ায় তিনি সাধারণত গাড়ির উপর নজর রাখতেন।

অটোর মালিক জানান, গাড়ির সাইলেন্সারের সঙ্গে তিনি একটি চুম্বক সংযুক্ত করে রেখেছিলেন। ফলে গাড়ি স্টার্ট দেওয়ার সময় একটি বিকট শব্দ তৈরি হয়। কিছুক্ষণ পর হঠাৎ সেই অস্বাভাবিক শব্দ কানে আসতেই তিনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, অটোটি আর সেখানে নেই।

পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সঙ্গে সঙ্গে মোটর স্ট্যান্ড, বনকুমারী সিন্ডিকেট এবং কলেজটিলা ফাঁড়ি থানার পুলিশকে বিষয়টি জানান। একই সঙ্গে নিজের ভাইকে নিয়ে চুরি যাওয়া অটোর সন্ধানে বেরিয়ে পড়েন। তাঁরা আমতলি-খয়েরপুর বাইপাস সড়ক ধরে খোঁজ চালানোর সময় দেখতে পান, এক যুবক চুরি যাওয়া অটোটি নিয়ে আমতলির দিক থেকে খয়েরপুরের দিকে যাচ্ছে।

এরপর আর সময় নষ্ট না করে অটো মালিক, তার ভাই এবং স্থানীয় কয়েকজন মিলে ধাওয়া শুরু করেন। শেষ পর্যন্ত পূর্ব চাম্পামুড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায় অটোটি আটকাতে সক্ষম হন তাঁরা। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে উত্তম-মধ্যম দেওয়ার পর খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কলেজটিলা ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি উদ্ধার করা হয় চুরি যাওয়া অটোটিও।

এদিকে, সাম্প্রতিক সময়ে রাজধানী আগরতলা ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই এবং নেশা কারবারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। টাউন প্রতাপগড় ও রামনগর এলাকায় প্রকাশ্যে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিনের আলোয় অটো চুরির ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *