কেন্দ্রীয় বরাদ্দের ঋণসীমা ৫ হাজার কোটি করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

আগরতলা, ৭ জুলাই : রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের গতি আরও বাড়াতে কেন্দ্রীয় বরাদ্দের ঋণসীমা ৪ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার কোটি টাকা করার দাবি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) ডা. মানিক সাহা। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ওয়ার্ড অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা দেশের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হলেও উন্নয়নের চাহিদা ক্রমাগত বাড়ছে। বর্তমানে রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ গ্রহণের একটি নির্দিষ্ট সীমা রয়েছে, যার ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হয়। এই সীমা ৪ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার কোটি টাকা করার জন্য তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছেন।

তিনি জানান, অর্থের সীমাবদ্ধতার কারণে অনেক সময় উন্নয়ন প্রকল্পের কাজ বিলম্বিত হয় বা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে কেন্দ্রীয় সরকার রাজ্যের এই যৌক্তিক দাবি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিন আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আধুনিক ও স্থায়ী অবকাঠামো গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে একাধিক ওয়ার্ড অফিসের নির্মাণকাজ চলছে এবং কয়েকটির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার ৪০ নম্বর ওয়ার্ডের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর এবং পুর নিগমের বিভিন্ন আধিকারিক।

বক্তব্যে মুখ্যমন্ত্রী রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) আর্থিক সহায়তায় রাজ্যের ১২টি শহরে বৃহৎ জল সরবরাহ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পের আওতায় ৩০৫ কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হচ্ছে। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে ২৫টি ডিপ টিউবওয়েল, ১৮৮টি আয়রন রিমুভাল প্ল্যান্ট, ৪টি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ১৯টি ওভারহেড ওয়াটার রিজার্ভার।

মুখ্যমন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের শহরাঞ্চলের পানীয় জল সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে উন্নত পরিষেবার সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, রাজ্য সরকার অবকাঠামো উন্নয়ন, নগর পরিষেবা সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেই লক্ষ্যেই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে অতিরিক্ত বরাদ্দের দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *