দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও নিট কেলেঙ্কারির প্রতিবাদে কুমারঘাটে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

কুমারঘাট, ২১ জুন : লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান, পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শান্তিনিকেতন কলেজের ছাত্রী মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে রবিবার ঊনকোটি জেলার কুমারঘাটে বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস ও জেলা যুব কংগ্রেস।

এদিন কুমারঘাটের পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড, গ্যাস সিলিন্ডার এবং পেট্রোল পাম্পের প্রতীকী ছবি হাতে নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করেন। মিছিল চলাকালীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সত্যবান দাস, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা কংগ্রেসের সহ-সভাপতি রিন্টু লাল দেবসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সত্যবান দাস বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। পাশাপাশি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান মূল্য সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। তিনি অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এছাড়াও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে শান্তিনিকেতন কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনেরও দাবি জানান তিনি।

বক্তারা অভিযোগ করেন, রাজ্যে বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে দাবি করে তারা সরকারের সমালোচনা করেন। জনজীবনের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতৃত্ব সতর্ক করে দেয় যে, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র গণআন্দোলনের পথে হাঁটবে দল।

কুমারঘাটের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলের উত্থাপিত দাবিগুলির প্রেক্ষিতে সরকার কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *