আগরতলা, ১৮ জুন: নগর উন্নয়ন কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়ে এবার আগরতলা পুর নিগমের একাধিক এলাকায় বেহাল রাস্তা ও অচল নিকাশি ব্যবস্থার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বিশেষ করে বর্ডার গোল চক্কর থেকে জয়পুর চৌমুহনী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় জলজট ও নিকাশি সমস্যার চরম অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দফতর ও এজেন্সিগুলিকে কড়া নির্দেশ দেন তিনি।
পুর নিগমের ভোটকে সামনে রেখে প্রায় প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে বের হচ্ছেন মেয়র। সেই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বর্ডার গোল চক্কর থেকে জয়পুর চৌমুহনী পর্যন্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রাস্তার দীর্ঘদিনের বেহাল অবস্থা এবং নিকাশি ব্যবস্থার চরম অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন মেয়র।
স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি লক্ষ্য করেন, নির্মাণ ও উন্নয়নমূলক কাজের ধীরগতির কারণে এলাকায় নিকাশি ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ফলে নর্দমার জল উপচে পড়ে বাসিন্দাদের বাড়িঘরে প্রবেশ করছে, পাশাপাশি রাস্তায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত অস্থায়ী সমাধান হিসেবে কাঁচা ড্রেন তৈরি করে নিকাশি ব্যবস্থা সচল করার নির্দেশ দেন তিনি।
মেয়র জানান, রাস্তার দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে। নিকাশি ব্যবস্থা সচল না থাকায় এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। তিনি আরও জানান, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করার কারণে সংশ্লিষ্ট সড়ক নির্মাণকারী এজেন্সিকে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং নতুন এজেন্সি কাজ শুরু করেছে।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত সমন্বয় করে সমস্যা সমাধানের নির্দেশ দেন এবং জনসাধারণের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এদিনের পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিয়তি দেব গুহ সহ পুর নিগম ও বিভিন্ন দফতরের আধিকারিকরা।

