নয়াদিল্লি, ২৮ নভেম্বর : বোনের সঙ্গে বন্ধুত্বকে কেন্দ্র করে বিবাদের জেরে ছুরির আঘাতে খুন হল ১৭ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে দিল্লির শকুরপুর গ্রামে। মৃতের নাম নওশাদ। এই ঘটনায় দুই নাবালক-সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে নওশাদের সঙ্গে অভিযুক্তদের বিবাদ হয়েছিল। বৃহস্পতিবার সেই পুরনো বিবাদ ফের মাথাচাড়া দেয়। শকুরপুর গ্রামে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হলে আচমকাই নওশাদকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে ভগবান মহাবীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর সুভাষ প্লেস থানায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করে। ধৃতদের মধ্যে অতিকুর রহমান নামে এক ব্যক্তিও রয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি ধৃতদের প্রত্যেকের ভূমিকা যাচাই করছে পুলিশ।

