উদয়নিধি স্ট্যালিনের জন্মদিনের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই যুবক

তিরুভাল্লুর, ২৮ নভেম্বর : তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের জন্মদিন উপলক্ষে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার উদয়নিধি স্ট্যালিনের জন্মদিন। সেই উপলক্ষে তিরুভাল্লুর জেলার বাণী সত্রম এলাকায় ডিএমকে নেতাদের উদ্যোগে শুভেচ্ছা-বার্তা লেখা একটি ব্যানার লাগানো হচ্ছিল। সেই কাজে ছিলেন আন্না নগরের বাসিন্দা ২২ বছরের বীরবন্দর, কারানি গ্রামের ৩০ বছরের ভেলন এবং বাণী সত্রমের বাসিন্দা ২২ বছরের অ্যালবার্ট।
ব্যানার লাগানোর কাজে ব্যবহার করা লোহার পাইপটি আচমকাই উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে যায়। সঙ্গে সঙ্গে পাইপে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন যুবকই ছিটকে মাটিতে পড়ে যান।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে চিকিৎসা শুরু হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বীরবন্দর ও ভেলনের মৃত্যু হয়। অ্যালবার্টের অবস্থা গুরুতর; তাঁর চিকিৎসা চলছে। মৃত দুই যুবক স্থানীয় ডিএমকে ব্লক সম্পাদক থঙ্গম মুরলির আত্মীয় বলে জানা গিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যানার লাগানোর সময় কীভাবে লোহার পাইপ বিদ্যুতের তারের সংস্পর্শে এল এবং কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *