মেয়রের ‘উস্কানিমূলক’ মন্তব্যের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় কংগ্রেসের এজাহার

আগরতলা, ২৬ নভেম্বর : ‘উন্নয়ন বিরোধীরা ভোটকেন্দ্রে যেতে পারবেন না, মানুষ তাদের আটকে দেবেন।’ আগরতলা পুর নিগমের বিদায়ী মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের এই মন্তব্যকে কেন্দ্র করে পুর ও নগর নির্বাচনের ঠিক আগের দিন নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। মেয়রের এই বক্তব্যকে উস্কানিমূলক এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগ তুলে পশ্চিম আগরতলা থানায় এজাহার দাখিল করল প্রদেশ কংগ্রেস। একই সঙ্গে মেয়রের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

উল্লেখ্য, আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুধবার ছিল রাজনৈতিক দলগুলির সরব নির্বাচনী প্রচারের শেষ দিন। শেষ মুহূর্তের প্রচারে নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত ছিল বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী ভাস্বতী দেববর্মার সমর্থনে একটি নির্বাচনী প্রচার মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার।

প্রচার মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন, ‘যারা উন্নয়নবিরোধী, ভোটের দিন ভোটকেন্দ্রের সামনে তাদের আটকে দেবেন জনগণ।’ মেয়রের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর। বিরোধীদের বক্তব্য, একজন জনপ্রতিনিধি তথা বিদায়ী মেয়রের কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনওভাবেই প্রত্যাশিত নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক ভোটারের অবাধে ভোটাধিকার প্রয়োগের সাংবিধানিক অধিকার রয়েছে। সেখানে কোনও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কাউকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার ইঙ্গিত দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।

এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নির্বাচনের প্রাক্কালে পশ্চিম আগরতলা থানায় মেয়র দীপক মজুমদারের বিরুদ্ধে এজাহার দাখিল করে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস নেতা শান্তিপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে দলের প্রতিনিধিরা থানায় গিয়ে অভিযোগ জমা দেন। তাঁদের দাবি, মেয়রের এই মন্তব্য শুধু রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী নয়, বরং ভোটের পরিবেশকে প্রভাবিত করার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ও বিভ্রান্তি ছড়াতে পারে।

এদিন কংগ্রেস নেতা শান্তিপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের পক্ষে কে রয়েছেন এবং উন্নয়নের বিপক্ষে কে রয়েছেন, তা নির্ধারণ করার অধিকার মেয়রকে কে দিয়েছেন? কোন মানদণ্ডে তিনি কাউকে উন্নয়নবিরোধী হিসেবে চিহ্নিত করছেন, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্য, গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের নিজস্ব রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার রয়েছে। সেই মতামতের ভিত্তিতে কাউকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার কথা বলা অত্যন্ত আপত্তিকর।

শান্তিপ্রিয় ভট্টাচার্যের আরও অভিযোগ, এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে মেয়র নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। তাঁর আশঙ্কা, এর ফলে ২০২১ সালের আগরতলা পুর নিগম নির্বাচনের সময়কার উত্তপ্ত পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে। নির্বাচনের আগে এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাধারণ ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করা হলে তার দায় এড়াতে পারবেন না সংশ্লিষ্ট জনপ্রতিনিধি। তাই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মেয়রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় অভিযোগ জানানো হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, মেয়রের এই মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং তাঁর বিরুদ্ধে কংগ্রেসের থানায় এজাহার দাখিলের ঘটনায় এখনও পর্যন্ত প্রদেশ বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নির্বাচনের ঠিক আগের দিন মেয়রের এই মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের পুলিশের দ্বারস্থ হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ভোটারদের অবাধ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা নির্বাচন পরিচালনার অন্যতম প্রধান শর্ত। সেই পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধির এমন মন্তব্য কতটা যুক্তিসংগত এবং তা নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *