অষ্টম দিনেও অব্যাহত জিএমসি রাজৌরির নন-গেজেটেড কর্মীদের আন্দোলন

জম্মু, ২৪ নভেম্বর : সেবা নিয়োগ বিধি জারির দাবিতে আন্দোলনের অষ্টম দিনেও অনড় গভর্নমেন্ট মেডিকেল কলেজ (জিএমসি) রাজৌরির নন-গেজেটেড কর্মীরা । সোমবার এই আন্দোলনের অংশ হিসেবে কর্মীরা এবার পর্যায়ক্রমিক অনশন শুরু করেছেন। কর্মীদের বক্তব্য, সেবা নিয়োগ বিধির বিষয়টি দীর্ঘদিন ধরে মুলতুবি হয়ে রয়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে তাঁদের পদোন্নতি, ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) এবং কর্মজীবনের অগ্রগতি । দ্রুত নিয়োগ বিধি জারি করে কর্মীদের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য তাঁরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

আন্দোলনরত কর্মীরা এদিন আরও জানান, লাগাতার আশ্বাস সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা আন্দোলন আরও তীব্র করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পর্যায়ক্রমিক অনশনের মাধ্যমে তাঁরা নিজেদের দাবি প্রশাসনের কাছে তুলে ধরার এবং দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়ের দ্রুত সমাধানের চেষ্টা করছেন। কর্মীরা স্পষ্ট করেছেন যে তাঁদের দাবির ভিত্তিতে দৃঢ় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *