কলকাতা, ১৭ নভেম্বর : ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার জনজাতীয় গৌরব দিবস পালন করল পূর্ব রেল। কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তরের উদিসা অডিটোরিয়ামে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ পার্সোনেল অফিসার (অ্যাডমিন) মনীশ সিং-সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও কর্মচারী। অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত আধিকারিকরা।
উল্লেখ্য, বিরসা মুন্ডা ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আদিবাসী অধিকার রক্ষার আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা। জমি, সংস্কৃতি ও জনজাতীয় সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর অবদান আজও স্মরণীয়। ‘ধরতি আবা’ নামে পরিচিত এই স্বাধীনতা সংগ্রামীর জীবন, সাহস ও আত্মত্যাগ দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, বিরসা মুন্ডার নিঃস্বার্থ আত্মত্যাগ ও অদম্য মনোবল সকলকে দেশসেবায় নিষ্ঠাবান হতে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শকে স্মরণ করেই এই বিশেষ দিনের আয়োজন করা হয়েছে।

