যোধপুর, ২৩ নভেম্বর : রাজস্থানের যোধপুরে একটি গাড়ি ও ট্রাভেল টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ১৫ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে যোধপুরের মথুরাদাস মাথুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিরা গুজরাটের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। তাঁরা গুজরাট থেকে রামদেওরার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে প্রাথমিক অনুমান।
মথুরাদাস মাথুর হাসপাতালের সুপারিনটেনডেন্ট বিকাশ রাজপুরোহিত সংবাদমাধ্যমকে বলেন, “এঁরা গুজরাটের একটি পরিবারের সদস্য— সম্ভবত গুজরাট থেকে রামদেওরার দিকে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ আমরা এই দুর্ঘটনার খবর পাই এবং হাসপাতালের তরফে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এখনও পর্যন্ত চারটি অ্যাম্বুল্যান্সে করে প্রায় ১৪-১৫ জন আহত ব্যক্তি এখানে এসে পৌঁছেছেন; এই দলের মধ্যে তিনজন মহিলা এবং চারটি শিশুও রয়েছে।”
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে। ঠিক কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

