মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর প্রয়াণে শোকপ্রকাশ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদূন, ২০ নভেম্বর : প্রয়াত হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী| শুক্রবার ৮৯ বছর বয়সে পরলোক গমন করেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
শোকবার্তায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। মায়ের স্নেহ ও আশীর্বাদ জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। তাঁর প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি।
মুখ্যমন্ত্রী ধামি বলেন, জীবনে মায়ের স্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর স্নেহ ও আশীর্বাদ মানুষকে সারাজীবন শক্তি যোগায়। মায়ের সঙ্গ হারানো অত্যন্ত বেদনাদায়ক। তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর সমগ্র পরিবারের প্রতি সমবেদনা জানান। বাবা কেদারনাথের কাছে মুখ্যমন্ত্রী ধামি প্রার্থনা করে বলেন, তিনি যেন প্রয়াত আত্মাকে নিজের শ্রীচরণে স্থান দেন এবং শোকাহত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ সমস্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।
উল্লেখ্য, উত্তরাখণ্ডের পৌড়ী গাড়ওয়াল জেলার যমকেশ্বরে পারিবারিক ভিটে পাঞ্চুরে শুক্রবার সকাল ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী। জানা গেছে, শনিবার হরিদ্বারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক মহলে| সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *