আগরতলা, ১৯ নভেম্বর : কর্মী-সমর্থকদের উৎসাহ এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়াই আসন্ন পুর ও নগর নির্বাচনে বিজেপির বড় জয়ের ইঙ্গিত দিচ্ছে। ২০২১ সালের নগর নির্বাচনের তুলনায় এবারে দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাই এবারের নির্বাচনে বিজেপি অত্যন্ত ভালো ফলাফল করবে বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের সমর্থনে বৃহস্পতিবার জয়নগর এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী। এদিন প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রচারকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। বৃষ্টির প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে প্রচারে শামিল হন প্রচুর সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক। তাঁদের উপস্থিতিতে নির্বাচনী প্রচার কার্যত উৎসবের চেহারা নেয়।
প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের নগর নির্বাচনের তুলনায় এবারে বিজেপির কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলকে আরও আশাবাদী করে তুলেছে। তাঁর দাবি, এবারের নির্বাচনে বিজেপি অত্যন্ত ভালো ফলাফল করতে চলেছে। শুধু দলীয় কর্মীদের উৎসাহই নয়, সাধারণ মানুষের ইতিবাচক মনোভাবও সেই সম্ভাবনাকে আরও জোরালো করছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা দেশের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে চলেছে। বিজেপি উন্নয়নের ধারাবাহিকতাকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছে। শহরের উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করার বিষয়গুলিকেই নির্বাচনী প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শহরের উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রায় ৯৯ শতাংশ মানুষ শহরের উন্নয়নমূলক কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন। মানুষের এই সন্তুষ্টি এবং সরকারের প্রতি আস্থাই আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষে ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, ২০২১ সালের আগরতলা পুর নিগম নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তুষার কান্তি ভট্টাচার্য। বর্তমানে তিনি আগরতলা পুর নিগমের মেয়র পারিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পুরনো জয়ের অভিজ্ঞতা এবং ওয়ার্ডে তাঁর পরিচিতিকে পুঁজি করে এবারও নির্বাচনী ময়দানে নেমেছেন তিনি। স্থানীয় একাংশের ভোটারদের অভিমত, এবারের নির্বাচনেও তুষার কান্তি ভট্টাচার্য বিপুল ভোটে জয়ী হতে পারেন। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে ৩৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ফলাফল।

