‘গরিবী হটাও’ স্লোগান নিয়ে পূর্বতন সরকারকে নিশানা প্রধানমন্ত্রীর, দারিদ্র্য জয়ের খতিয়ান পেশ

নয়াদিল্লি, ১৯ নভেম্বর : নতুন দিল্লির ভারত মণ্ডপমে বৃহস্পতিবার ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-র বার্ষিক সাধারণ সভা এবং শতবর্ষীয় বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, আগামী ২০২৭ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করতে চলেছে ফিকি, যার ফলে ২০২৬-২৭ অর্থবর্ষটি এই শিল্প সংগঠনের শতবর্ষ উদযাপনের বছর হিসেবে পালিত হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে ভারতের অর্থনীতির বিগত ১০০ বছরের বিবর্তন তুলে ধরেন প্রধানমন্ত্রী। পূর্বতন কংগ্রেস জমানার অর্থনৈতিক নীতিকে কড়া ভাষায় বিঁধে তিনি বলেন, “বিগত ১০০ বছরে ভারতের অর্থনীতি বহু পর্যায় দেখেছে। আমরা ‘লাইসেন্স-কোটা রাজ’ দেখেছি, জাতীয়করণের ব্যর্থ পরীক্ষা দেখেছি এবং একবিংশ শতাব্দীতে এমন এক সময়ও দেখেছি যখন ভারতের অর্থনীতিকে বিশ্বের দুর্বলতম পাঁচটি অর্থনীতি বা ‘ফ্র্যাজাইল ফাইভ’-এর মধ্যে গণ্য করা হতো। কিন্তু গত ১২ বছরে আমাদের যুবসমাজ, কৃষক, শ্রমিক এবং শিল্পপতিরা কঠোর পরিশ্রম করে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছেন।”
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, মাত্র ১২ থেকে ১৩ বছরের মধ্যে ভারতের ৫০ কোটি মানুষ দারিদ্র্যকে জয় করেছেন। সত্তরের দশকের ‘গরিবী হটাও’ স্লোগানের প্রসঙ্গ টেনে তৎকালীন সরকারের সদিচ্ছা ও নীতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, “সত্তরের দশকে যখন ‘গরিবী হটাও’ স্লোগান দেওয়া হয়েছিল, তখন ভারতের জনসংখ্যা ছিল প্রায় ৫০ কোটি; তখনও দারিদ্র্য দূর করা যেত, কিন্তু ফিকি নিজেই সাক্ষী যে সেই সময় নীতিতে ত্রুটি ছিল এবং দুর্ভাগ্যবশত সঠিক সদিচ্ছারও অভাব ছিল। আমরা যখন সঠিক নীতি এবং সঠিক সদিচ্ছা নিয়ে কাজ করলাম, তখন মাত্র ১২-১৩ বছরে ৫০ কোটি দরিদ্র মানুষ দারিদ্র্য সীমার বাইরে বেরিয়ে এলেন। এটিই প্রমাণ করে যে আজ ভারত যে গতিতে এবং যে পথে এগোচ্ছে, তা সঠিক, নির্ভুল এবং দেশের সাফল্যের নিশ্চয়তা বহন করে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *