কলেজ স্ট্রিটে এসএফআই-এবিভিপি সংঘর্ষ, বিমান বসুকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

কলকাতা, ১৯ নভেম্বর : বইপাড়ায় বইয়ের স্টল ঘিরে রাজনৈতিক সংঘাত। কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুকস্টলের সামনে পালটা বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লেন এসএফআই ও এবিভিপির সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা।
পুলিশের অনুমতি নিয়ে মঙ্গলবার থেকে তিন দিনের ‘মিনি বইমেলা’ শুরু করেছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। মহাবোধি সোসাইটির সামনে বুকস্টল বসানো নিয়ে পুলিশের সঙ্গে মঙ্গলবারই বচসা ও সংঘর্ষ হয়। বুধবার সেই স্টলের সামনেই পালটা বইয়ের স্টল বসানোর উদ্যোগ নেয় এবিভিপি। বিবেকানন্দের বই ও ভারতমাতার ছবি নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিঁড়ে মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয়। ধস্তাধস্তিতে এক এসএফআই সদস্য আহত হন। অন্যদিকে, বুকস্টল বসানোর দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান এবিভিপি কর্মীরা।
এদিন এসএফআইয়ের স্টলে আসেন প্রবীণ বাম নেতা বিমান বসু ও সুজন চক্রবর্তী। বেরনোর সময় বিমান বসুকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন এবিভিপি সমর্থকরা। জবাবে বিমান বসু বলেন, “গো ব্যাক বলার দরকার নেই, এখানে থাকতে আসিনি। বই বিক্রি করতেও আসিনি।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *