রায়পুর, ১৮ নভেম্বর : জনজাতি গৌরব দিবস উপলক্ষে কংগ্রেসের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি-র ছত্তিশগড়ের মুখপাত্র দেওলাল ঠাকুর। মঙ্গলবার তিনি বলেন, পুরো দেশ জনজাতি গৌরব দিবস পালন করছে, অথচ কংগ্রেস নেতারা কোথাও জনজাতি সমাজকে এই দিবসের শুভেচ্ছা জানাননি।
তিনি বলেন, কংগ্রেসের ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত সুখদেব ভগত নিজে ভগবান বিরসা মুন্ডার ভূমি (ঝাড়খণ্ড) থেকে এলেও জনজাতি সমাজকে জনজাতি গৌরব দিবস উপলক্ষে কোনও শুভেচ্ছা জানাননি। দেওলাল ঠাকুর বলেন, জনজাতি সমাজের বীর সন্তানরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, কিন্তু ইতিহাসের পাতায় তাঁরা কাঙ্ক্ষিত সম্মান পাননি। একমাত্র একটি পরিবারের বন্দনা করার কারণেই স্বাধীনতা সংগ্রামে শহিদ হওয়া জনজাতি নায়কদের অবহেলা করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি সম্প্রদায়ের নায়কদের সম্মান জানানোর দায়িত্ব নিয়েছেন এবং ভগবান বিরসা মুন্ডার জয়ন্তীকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির রাজ্য মুখপাত্র দেওলাল ঠাকুর বলেন, জনজাতি সমাজকে মূলধারায় এগিয়ে আনতে এবং ‘বিকশিত ভারত’ গঠনে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যেই রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর নির্বাচন, ওড়িশায় মোহনচরণ মাজি এবং ছত্তিশগড়ে বিষ্ণুদেও সাইকে মুখ্যমন্ত্রী করে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি সমাজের সম্মান বৃদ্ধি করেছেন।

