হাওড়ায় জন্মদিনের পার্টির মদের আসরে গুলিবিদ্ধ এক যুবক

হাওড়া, ১৮ নভেম্বর : জন্মদিনের সেলিব্রেশন চলাকালীন মদের আসরে চলল এলোপাথাড়ি গুলি। নিজের জন্মদিনে বন্ধুবান্ধবদের সামনে পিস্তল বের করে শূন্যে গুলি ছুড়তে শুরু করেন রোহিত চৌধুরী নামে এক যুবক। আর সেই গুলিতেই গুরুতর জখম হলেন তাঁরই এক বন্ধু। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার শৈলেন্দ্রনাথ বসু লেনের একটি বহুতলের ছাদে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটির উৎস খোঁজার চেষ্টা চলছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে হাওড়ার শৈলেন্দ্রনাথ বসু লেনের ওই বহুতলে নিজের জন্মদিন উপলক্ষে বন্ধুদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছিলেন রোহিত চৌধুরী। অভিযোগ, সেই মদের আসর চলাকালীন হঠাৎই একটি পিস্তল বের করেন রোহিত এবং শূন্যে গুলি ছুড়তে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালানো হয়। এর মাঝেই একটি গুলি লাগে রোহিতের বন্ধু কুশল জয়সওয়ালের পায়ে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত রোহিতকে। তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *