রিষড়ায় জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের উদ্বোধন, উৎসবের প্রস্তুতিতে তৎপর প্রশাসন

হুগলি, ১৭ নভেম্বর : হুগলির রিষড়ার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে উৎসবের প্রস্তুতি আরও এক ধাপ এগোল। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সুবিধার্থে মঙ্গলবার রিষড়া জগদ্ধাত্রী পুজোর বিশেষ গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এই গাইড ম্যাপের মাধ্যমে পুজো পরিক্রমায় আসা দর্শনার্থীরা এলাকার বিভিন্ন নামী পুজো মণ্ডপের সঠিক অবস্থান, যাতায়াতের রুট এবং জরুরি পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য অত্যন্ত সহজেই জানতে পারবেন।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, রিষড়া জগদ্ধাত্রী সেন্ট্রাল কমিটির সভাপতি শ্রীমতী শশী সিং ঝা, রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) পরমেশ্বর প্রামাণিক এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুরের ডেপুটি কমিশনার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চন্দননগরের পাশাপাশি রিষড়ার জগদ্ধাত্রী পুজোও দীর্ঘদিন ধরেই তার ঐতিহ্য, সংস্কৃতি, আলোকসজ্জা ও বিপুল জনসমাগমের জন্য বিশেষভাবে পরিচিত। পুজোর দিনগুলিতে জেলার পাশাপাশি ভিন জেলা থেকেও লক্ষ লক্ষ দর্শনার্থী রিষড়ায় ভিড় জমান। তাঁদের নির্বিঘ্ন যাতায়াত ও মণ্ডপ দর্শনের সুবিধার্থে এই গাইড ম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা।
পাশাপাশি, উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং পুজোকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেন্ট্রাল কমিটি ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে রিষড়ার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *