চাকরি দেওয়ার নাম করে সাড়ে ৩ লক্ষ টাকা ও ৬ ভরি সোনা হাতানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

হুগলি, ১৭ নভেম্বর : আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা এবং ৬ ভরি সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ফিরোজ মল্লিককে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ। ধৃত ফিরোজ আরামবাগের কালীপুর এলাকার বাসিন্দা। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা আরামবাগ এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের আন্দিমহল্লার বাসিন্দা শেখ সাহেবকে প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিরোজ মল্লিক। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তাঁর কাছ থেকে ধাপে ধাপে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কার নেওয়া হয় বলে অভিযোগ। উল্লেখ্য, ধৃত ফিরোজ মল্লিক এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা এবং স্থানীয় এক সাংসদ ও প্রাক্তন পুরপ্রধানের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।
দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না মেলায় এবং টাকা ও সোনা ফেরত না পাওয়ায় রবিবার এই ঘটনার প্রতিবাদে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত শেখ সাহেব। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সোমবার অভিযুক্ত ফিরোজ মল্লিককে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে এদিন আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত। তবে এই প্রতারণার ঘটনায় আরও কারও যোগসাজশ রয়েছে কি না, কিংবা এর নেপথ্যে বড় কোনো চাকরি চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
সরকারি মেডিক্যাল কলেজে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এমন বিপুল পরিমাণ অর্থ ও সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসায় আরামবাগের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন পুলিশের পরবর্তী তদন্তে এই ঘটনায় আর কী কী তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *