কলকাতা, ১৭ নভেম্বর : দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত অতি গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটি।
সোমবার আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী অংশ দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭০-১১০ মিলিমিটার হতে পারে। কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। মৎস্যজীবীদের ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

