ড্রেন নির্মাণ ঘিরে দেগঙ্গার পীরগাছায় উত্তেজনা, ৮ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগে মণ্ডল সভাপতিকে মারধর

দেগঙ্গা,১৬ নভেম্বর : ড্রেন নির্মাণের কাজকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বিধানসভার পীরগাছা এলাকা। এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৮ শতাংশ কাটমানি দাবি করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হন অভিযুক্ত মণ্ডল সভাপতি বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানে পীরগাছা এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছিল। ঠিকাদারের অভিযোগ, গত কয়েক দিন ধরেই পাশের এলাকার ওই মণ্ডল সভাপতি নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা করছিলেন। রবিবার সকালে তিনি ফের ঘটনাস্থলে এসে ঠিকাদার ও কর্মীদের অন্যত্র নিয়ে যান। সেখানে কাজের বরাত বাবদ ৮ শতাংশ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।
এদিকে, ফের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানের কাজ এভাবে আটকে দেওয়া হচ্ছে। এরপরই উত্তেজিত বাসিন্দারা অভিযুক্ত মণ্ডল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাটমানি চাওয়ার অভিযোগের সত্যতা এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *