ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বার্তা গোয়েলের

কায়রো, ১৬ নভেম্বর : দু’দিনের সরকারি মিশর সফরে গিয়ে রবিবার কায়রোতে সপ্তম ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির বৈঠকে উদ্বোধনী ভাষণ দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। মিশরের বিনিয়োগ ও বিদেশ বাণিজ্য মন্ত্রী ডঃ মহম্মদ ফরিদ সালেহ-র সঙ্গে যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
বৈঠকের শুরুতে মিশর সরকারের আতিথেয়তার প্রশংসা করে পীযূষ গোয়েল বলেন, “সপ্তম ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির বৈঠকের চমৎকার আয়োজনের জন্য এবং এই অংশীদারিত্বে পুনরায় আস্থা প্রকাশ করার জন্য আমি আপনাদের সকলকে এবং মিশর সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের দুই দেশের নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি তাঁদের শেষ বৈঠকে এই সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছিলেন।”
ভবিষ্যৎ বাণিজ্যিক পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা আমাদের প্রতিনিধিদলকে মিশরীয় দলের সঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ‘টার্মস অফ রেফারেন্স’ নিয়ে কাজ করার নির্দেশ দেব, যা আমাদের অর্থনৈতিক সম্পর্ককে সম্ভাব্য পরবর্তী স্তরে উন্নীত করতে পারে।”
মিশরের ঐতিহ্য ও ভারতের সঙ্গে তার গভীর ঐতিহাসিক সংযোগের কথা স্মরণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “গতকাল আমি আপনাদের দেশের বেশ কিছু অমূল্য সম্পদ পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছি—তা সে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম হোক বা গিজার পিরামিড, কিংবা হেলিওপলিসে সর্বোচ্চ আত্মবলিদান দেওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনই হোক। মিশর ও ভারতের মধ্যে যে গভীর সংযোগ রয়েছে, তা সত্যিই অনুভব করা যায়।”
দুই দেশের সম্পর্ক কেবল পণ্যের আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয় বলে উল্লেখ করে পীযূষ গোয়েল বলেন, “আমাদের সম্পর্ক পণ্য বাণিজ্যের সীমানা ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত। আজ মিশরে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মাধ্যমে আমাদের এই সম্পর্ক আরও জীবন্ত হয়ে রয়েছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *