দিল্লিতে ছট পুজো উপলক্ষ্যে ঘাটগুলিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : রাজধানী দিল্লিতে ছট পুজো উপলক্ষ্যে যমুনার ঘাটগুলিতে পুণ্যার্থীদের নিরাপত্তা ও ভিড় সামাল দিতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি পুলিশ। রবিবার উত্তর জেলার (নর্থ ডিস্ট্রিক্ট) ঘাটগুলিতে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেন উত্তর জেলার অতিরিক্ত ডিসিপি পুখরাজ কে গুপ্তা।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত ডিসিপি পুখরাজ কে গুপ্তা জানান, “আজ এবং আগামীকাল দিল্লিতে ছট পুজোর উৎসব রয়েছে। তাই উত্তর জেলা এবং দিল্লি পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর অধীনে দুটি শিফটে প্রায় ৫০ থেকে ৬০ জন স্থানীয় পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। এছাড়াও প্রতিটি ঘাটে তিন কোম্পানি আউটার ফোর্স, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং হোমগার্ডদের মোতায়েন করা হবে।”
নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে তিনি আরও বলেন, “শ্যাম ঘাট এবং রাম ঘাটের সম্পূর্ণ এলাকাটি সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে, যা কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। বিভিন্ন ঘাটে আসা মানুষদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় রেখেও বিস্তারিত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পুণ্যার্থীদের তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দিয়ে অতিরিক্ত ডিসিপি বলেন, “আমরা বেশ কিছু পুলিশ হেল্প ডেস্কও তৈরি করেছি, যেখানে মানুষ আসতে পারবেন এবং তাঁদের কোনো সমস্যা থাকলে তা সেখানেই তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে। এই ঘাটে সন্ধ্যা ও সকালের বিভিন্ন সময়ে প্রায় ১ লক্ষ জনসমাগম (পুণ্যার্থী) হতে চলেছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *