মহিলা সাংবাদিক নিগৃহীত, পাঁচ দিনেও গ্রেফতার নেই অভিযুক্তরা, থানায় ডেপুটেশন

আগরতলা, ১৪ নভেম্বর  : কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মহিলা সাংবাদিককে মারধর ও নিগ্রহের অভিযোগ ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে সাংবাদিক মহলে। ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবার সরব হলো ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ওমেন্স সেল। শনিবার সংগঠনের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে রাজধানীর কর্মরত মহিলা সাংবাদিক শ্রেয়সী দেবনাথ মজুমদার এক অটোচালক এবং অপর এক ব্যক্তির হাতে নিগ্রহের শিকার হন বলে অভিযোগ। একজন মহিলা সাংবাদিকের উপর এ ধরনের হামলার অভিযোগ সামনে আসার পর থেকেই সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে শনিবার বিষয়টি নিয়ে সরব হয় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ওমেন্স সেল। সংগঠনের প্রতিনিধিদল আগরতলায় পূর্ব থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে। থানার ওসি উপস্থিত না থাকায় সেকেন্ড ওসি পরীক্ষিত দেববর্মার হাতে স্মারকলিপি তুলে দেন প্রতিনিধিদলের সদস্যরা।

ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, মহিলা সাংবাদিকের উপর হামলার অভিযোগকে কোনওভাবেই হালকাভাবে দেখার অবকাশ নেই। ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শ্রেয়সী দেবনাথ মজুমদারের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে সংগঠন।

সংগঠনের বক্তব্য, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত সাংবাদিকদের প্রতিনিয়ত নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কখনও হুমকি, কখনও হেনস্থা, আবার কখনও শারীরিক আক্রমণের অভিযোগ সামনে আসছে। বিশেষ করে রাতের বেলা কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একজন মহিলা সাংবাদিকের নিগ্রহের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচনের প্রাক্কালে এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

ওমেন্স সেলের পক্ষ থেকে দাবি জানানো হয়, সাংবাদিকদের নিরাপত্তা শুধু সংগঠনের বিষয় নয়, এটি প্রশাসনেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনও সাংবাদিক যাতে সংবাদ সংগ্রহ কিংবা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যে না থাকেন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি বিজয় পাল, মহিলা সেলের সভানেত্রী কৌশারান্তি তিপ্রাসা, সম্পাদিকা স্বরূপা দেবনাথ, কোষাধ্যক্ষ রুমা সাহা এবং সদস্যা শ্যামলী জমাতিয়া।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *