কুল্লু, ৬ নভেম্বর : মাদকের অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল হিমাচল প্রদেশের কুল্লু জেলা পুলিশ। তিনটি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ২৪.৩৯ গ্রাম মাদক (হেরোইন) এবং ৫৬ গ্রাম মাদক (আফিম) উদ্ধার করা হয়েছে।
প্রথম ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে মানালি থানার পুলিশ সিয়াল এলাকার একটি বেসরকারি হোটেলে অভিযান চালায়। সেখানে পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা ৩৬, ২৫ ও ২০ বছর বয়সি তিন যুবকের কাছ থেকে ২৪.১০০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়। এরপর মামলা রুজু করে তিনজনকেই গ্রেফতার করা হয়।
দ্বিতীয় ঘটনায় কুল্লু জেলা ডিটেকশন সেলের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জিয়া পুল ফ্লাইওভারের নীচে পার্বতী নদীর ধারে বসে থাকা এক যুবকের তল্লাশি চালায়। হাতিথান (ভুন্তর) এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সি ওই যুবকের কাছ থেকে ৫.২৯ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়। এই ঘটনায় ভুন্তর থানায় মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
তৃতীয় ঘটনায় বাঞ্জার থানার পুলিশ পুরনো বাসস্ট্যান্ডের কাছে যানবাহন তল্লাশির সময় একটি গাড়ি আটক করে। গাড়ির চালক জল্লি (নিথর, কুল্লু) এলাকার বাসিন্দা ৩৬ বছর বয়সি এক যুবকের কাছ থেকে ৫৬ গ্রাম নামক (আফিম) উদ্ধার হয়। এরপর বাঞ্জার থানায় মামলা রুজু করে চালককে গ্রেফতার করা হয়।
শুক্রবার কুল্লুর পুলিশ সুপার অভিষেক এস জানান, জেলায় মাদকের অবৈধ কারবারের বিরুদ্ধে পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছে। তিনটি ঘটনাতেই অভিযুক্তদের গ্রেফতার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

