বিপিনচন্দ্র পালের ১৬৮তম জন্মজয়ন্তী উপলক্ষে মহাজাতি সদনে ‘লাল-বাল-পাল’ স্মৃতি পর্বের আয়োজন

কলকাতা, ৬ নভেম্বর : একদিকে বিপ্লবী সম্পাদক ও শিক্ষক, অন্যদিকে মহান স্বাধীনতা সংগ্রামী ও দূরদর্শী চিন্তক—বিপিনচন্দ্র পালের ১৬৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী শনিবার কলকাতার ঐতিহাসিক মহাজাতি সদনে এক বিশেষ ‘লাল-বাল-পাল স্মৃতি পর্ব’-এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এই মেগা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি উপস্থিত থেকে আসন অলঙ্কৃত করবেন। সেই সঙ্গে অনুষ্ঠানের মঞ্চে পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজ সশরীরে উপস্থিত থাকার কথা রয়েছে।

 এদিন কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিপিনচন্দ্র পালের পরিবারের তরফে তাঁর তিন নাতনি—সুস্মিতা চৌধুরী, নেলিফা মালেবর ও ঈশিতা চৌধুরী উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে তিন নাতনি একযোগে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে জানান যে, স্বাধীনতা সংগ্রামে এত বড় মাপের অবদান থাকা সত্ত্বেও মহান এই বিপ্লবীর স্মৃতি রক্ষায় সেই অর্থে শহরে বিশেষ উদ্যোগ দেখা যায়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিপিনচন্দ্র পালের মহান আদর্শ ও অবদান সঠিকভাবে তুলে ধরতে তাঁরা অবিলম্বে তাঁর পূর্ণাবয়ব মূর্তি নির্মাণ এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নামঙ্করণের দাবি জানিয়েছেন।

 মূলত নতুন প্রজন্মের কাছে বিপিনচন্দ্র পালের বর্ণময় জীবন ও বিপ্লবী কর্মকাণ্ড তুলে ধরতেই তিলোত্তমায় এই বিশেষ স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রকবি রামধারী সিং ‘দিনকর’ স্মৃতি ন্যাস (দিল্লি) এবং ঐতিহ্যবাহী বড়বাজার লাইব্রেরী (কলকাতা)-র যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। এদিনের সাংবাদিক সম্মেলনে সংস্থার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীরজ কুমার সমগ্র অনুষ্ঠানসূচি ও পরিকল্পনার বিষয়ে বিশদে তথ্য তুলে ধরেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *