ভিলেজ কমিটির ফল ঘিরে সংঘর্ষ নয়, শান্তির বার্তা প্রদ্যোৎ-এর

আগরতলা, ৪ অক্টোবর  : দীর্ঘ প্রায় এক দশক পর অনুষ্ঠিত টিটিএএডিসি-র ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে রাজ্যের ৪৪টি আরডি ব্লকের ৪৫টি গণনা কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হবে। ফলাফলকে ঘিরে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতি কিংবা রাজনৈতিক সংঘর্ষের সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি এলাকায় চাপা উত্তেজনার খবর সামনে এসেছে।

এই পরিস্থিতিতে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে কোনও ধরনের সংঘর্ষে না জড়ানোর জন্য জনজাতি সমাজের প্রতি আবেদন জানিয়েছেন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথা, বিজেপি, আইপিএফটি, কংগ্রেস কিংবা সিপিআই(এম)—যেকোনও রাজনৈতিক দলের প্রার্থী জয়ী হতে পারেন। কিন্তু জয়-পরাজয়ের ফলাফলকে কেন্দ্র করে যেন কোনওভাবেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয়।

প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বক্তব্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মতপার্থক্যও থাকবে। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেই রাজনৈতিক বিরোধ যেন ব্যক্তিগত সংঘাত কিংবা গোষ্ঠীগত সংঘর্ষের রূপ না নেয়। কারণ সংঘর্ষে যারা আক্রান্ত হবেন এবং যারা সংঘর্ষে জড়িয়ে পড়বেন—উভয় পক্ষই জনজাতি সমাজের মানুষ। এর ফলে সাময়িকভাবে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে জনজাতি সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর।

তিনি সকল রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তাই ফলাফল মেনে নিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই সকলের দায়িত্ব। কোনও ধরনের বিজয় মিছিল, উসকানিমূলক আচরণ কিংবা পরাজয়ের প্রতিক্রিয়ায় হিংসাত্মক কর্মকাণ্ডে না জড়ানোর জন্যও তিনি পরোক্ষভাবে সতর্ক করেন।

ভিলেজ কমিটি নির্বাচন প্রসঙ্গে প্রদ্যোৎ আরও বলেন, দীর্ঘ প্রায় দশ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সেই দাবিতে তিনি সুপ্রিম কোর্টে একাই লড়াই চালিয়েছেন বলে দাবি করেন। আদালতের নির্দেশের পরই অবশেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

তাঁর আশা, দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই ভিলেজ কমিটি নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিনিধিত্ব নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মধ্য দিয়ে প্রত্যন্ত জনজাতি এলাকায় উন্নয়নের নতুন বার্তা পৌঁছাবে। গ্রামীণ জনজাতি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভিলেজ কমিটিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

এদিকে সোমবারের গণনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৪৫টি গণনা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি গণনা কেন্দ্র ও তার আশপাশের এলাকায় নজরদারি রাখা হচ্ছে। ফলাফল ঘোষণার পর যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও প্রশাসনের বিশেষ নজর রয়েছে। ফলে সোমবারের ফলাফল ঘোষণার দিন রাজনৈতিক উত্তেজনার মধ্যেও শান্তি ও সংযম বজায় রাখার আহ্বানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *