অনলাইন পেমেন্টের ভেলকিতে দোকান থেকে পণ্য হাতানো, এনসিসি পুলিশের জালে ‘ডিজিটাল চোর’

আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। মুদি দোকান থেকে বিভিন্ন সামগ্রী কিনে অনলাইন পেমেন্টের নামে প্রতারণার অভিযোগে জনৈক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। ধৃত যুবকের নাম অভয় হরিজন। তাঁর বাড়ি আগরতলা শহরের ৭৯ টিলা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এনসিসি থানাধীন কুঞ্জবন কলোনি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা যায়, এদিন দুপুরে টিআর০১এজে৫১২৭ নম্বরের একটি দামী বাইক নিয়ে জনৈক যুবক কুঞ্জবন কলোনি এলাকার একটি মুদি দোকানে যায়। সেখান থেকে তেল, সিগারেট-সহ মোট ৫৩০ টাকা মূল্যের সামগ্রী কেনে সে। পণ্য নেওয়ার পর দোকান মালিককে জানানো হয়, অনলাইনে টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে দোকান মালিকের সন্দেহ হয়। কারণ, অনলাইন পেমেন্ট সম্পন্ন হওয়ার কথা থাকলেও তাঁর মোবাইলে টাকা জমার কোনও মেসেজ বা নোটিফিকেশন আসেনি।

এরপর ওই যুবক পাশের আরও একটি দোকানে যায়। সেখানে প্রায় ৫১৭ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী কেনার পর একই কায়দায় অনলাইন পেমেন্টের কথা বলে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়। শেষ পর্যন্ত স্থানীয়রা যুবকটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

অভিযোগ, যুবকের মোবাইল ফোন পরীক্ষা করে স্থানীয়রা দেখতে পান, তাতে দুটি গুগল পে অ্যাপ রয়েছে। এর মধ্যে একটি অ্যাপ সক্রিয় ছিল না। অভিযোগ উঠেছে, ওই নিষ্ক্রিয় অ্যাপ ব্যবহার করেই অনলাইন পেমেন্ট করার ভান করে দোকান থেকে পণ্য সংগ্রহ করছিলেন তিনি। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার দিনই রাজধানীর বিভিন্ন দোকান থেকে একই কায়দায় ১৮ হাজার টাকারও বেশি মূল্যের সামগ্রী সংগ্রহ করেছে অভিযুক্ত যুবক।

ঘটনার খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁকে থানায় নিয়ে গিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুরো ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা এর আগেও একই কায়দায় কোথাও প্রতারণা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, বর্তমানে অনলাইন লেনদেন মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে প্রতারণার ঘটনাও সামনে আসছে। তবে প্রকাশ্য বাজারে দোকান থেকে পণ্য কেনার পর ভুয়ো বা নিষ্ক্রিয় পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা দেওয়ার অভিনব কৌশলের অভিযোগ ঘিরে কুঞ্জবন কলোনি এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ডিজিটাল লেনদেনের নামে এ ধরনের প্রতারণা সাধারণ ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগের যথাযথ তদন্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *