শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রী, মোদির জন্মদিনে শুরু মাসব্যাপী কর্মসূচি

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় শুরু হল মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলায় উজান অভয়নগরস্থিত চাইল্ড কেয়ার ইউনিট পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায় এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

চাইল্ড কেয়ার ইউনিটে পৌঁছে মুখ্যমন্ত্রী সেখানকার শিশুদের সঙ্গে সময় কাটান। তাঁদের সঙ্গে কথা বলে পড়াশোনা, দৈনন্দিন জীবনযাপনসহ বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। শিশুদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময়ের পাশাপাশি এদিন তাঁদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজেও অংশ নেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা।

কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে পরিচালিত হচ্ছে এই মেয়েদের হোমটি। এখানকার শিশুদের যত্ন, শিক্ষা ও ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই হোম থেকে অনেক শিশুকে দেশ ও বিদেশে দত্তক দেওয়া হয়েছে। আবার এখানকার অনেকেই পড়াশোনা শেষ করে পরবর্তীতে চাকরিতে যোগ দিয়েছে বলেও জানান তিনি।

চাইল্ড কেয়ার ইউনিটের শিশুদের সাফল্যের কথা শুনে আনন্দ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, শিশুদের সঠিক পরিচর্যা, শিক্ষা এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সমাজ ও প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এদিন শিশুদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে মানবিকতার সেই বার্তাই তুলে ধরার চেষ্টা করা হয়।

এদিকে, বৃহস্পতিবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। জন্মদিন উপলক্ষয়ে এক মাসব্যাপী বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই রাজ্যে শুরু হয়েছে এই মাসব্যাপী কার্যক্রম।

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপনের পাশাপাশি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে মানবসেবায় নরেন্দ্র মোদীর ২৫ বছরের যাত্রাকেও এবারের কর্মসূচিতে তুলে ধরা হচ্ছে। এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির আয়োজন করা হবে। মানবসেবা, সামাজিক কল্যাণ এবং জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়েই এই কর্মসূচিগুলি পরিচালিত হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা মাতা ত্রিপুরেশ্বরীর কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এদিন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপনের সূচনা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *