উড়াবাড়িতে যৌথ বাহিনীর নেশাবিরোধী অভিযান, ধ্বংস ৮০ হাজার গাঁজা গাছ

মোহনপুর, ১৫ সেপ্টেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে বড়সড় নেশাবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস করল মোহনপুর মহকুমা পুলিশ ও বিএসএফ-এর যৌথ বাহিনী। মঙ্গলবার সিধাই থানাধীন নোয়াগাঁও ভিলেজ কমিটির অন্তর্গত উড়াবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উড়াবাড়ি এলাকায় বেশ কিছু জমিতে বেআইনিভাবে গাঁজা চাষ করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে মোহনপুর মহকুমা পুলিশ ও বিএসএাফ-এর জওয়ানরা যৌথভাবে অভিযান চালান। অভিযানে এলাকায় তল্লাশি চালিয়ে গাঁজা চাষের সন্ধান মেলে।

অভিযান চলাকালীন দুটি প্লটে প্রায় ৫০ হাজার গাঁজা গাছ এবং আরও আটটি প্লটে প্রায় ৩০ হাজার গাঁজা গাছ শনাক্ত করা হয়। পরে সেগুলি কেটে ধ্বংস করে দেওয়া হয়। সব মিলিয়ে অভিযানে প্রায় ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত। তাঁর সঙ্গে পুলিশ ও বিএসএফ-এর অন্যান্য আধিকারিক এবং জওয়ানরা অভিযানে অংশ নেন। গাঁজা চাষের সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে।

অভিযান প্রসঙ্গে মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতেই যৌথ বাহিনী এই অভিযান চালিয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশ ও বিএসএফ-এর এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস হওয়ায় নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য মিলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *