হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ, আশঙ্কাজনক সপ্তম শ্রেণির ছাত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর : রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনায় হোস্টেল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, আহত ছাত্রীটির বাড়ি ছাওমনু এলাকায়। অন্যান্য দিনের মতো সোমবার সকালেও স্বাভাবিক ছিল সে। হোস্টেলের অন্যান্য আবাসিক ছাত্রীর সঙ্গে খাওয়া-দাওয়াও করে। এরপর অন্য ছাত্রীরা বিদ্যালয়ের উদ্দেশে বেরিয়ে গেলেও ওই সপ্তম শ্রেণির ছাত্রীটি হোস্টেলেই থেকে যায়। কী কারণে সে বিদ্যালয়ে যায়নি, তা এখনও স্পষ্ট নয়।

হোস্টেল সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার কিছু পর ওই ছাত্রী হোস্টেলের ছাদে উঠে যায়। কিছুক্ষণ পর আচমকাই ছাদ থেকে নিচে ঝাঁপ দেয় সে। বিকট শব্দ ও ছাত্রীদের চিৎকার শুনে হোস্টেল সুপার বন্দনা সরকার নিজ ঘর থেকে বেরিয়ে এসে বিষয়টি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল দফতরে।

খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ছাত্রীকে উদ্ধার করেন। পরে তাঁকে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন। মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত অঙ্গ মোহিনী গার্লস হোস্টেলে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি হোস্টেলে উপস্থিত অন্যান্য ছাত্রীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে খোঁজখবর নেন। পাশাপাশি হোস্টেল সুপার বন্দনা সরকারের সঙ্গেও বিস্তারিত কথা বলেন তিনি।

এরপর আহত ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে জিবিপি হাসপাতালে যান মন্ত্রী। সেখানে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ছাত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। আহত ছাত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

জিবিপি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, ঘটনাটি প্রকৃতপক্ষে কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে বলে জানান তিনি। তবে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করবে এবং তদন্তের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানান মন্ত্রী।

এদিকে খবর পেয়ে আহত ছাত্রীর অভিভাবকদের ছাওমনু থেকে আগরতলায় নিয়ে আসা হয়েছে। হঠাৎ করে এমন ঘটনায় অঙ্গ মোহিনী গার্লস হোস্টেলের অন্যান্য আবাসিক ছাত্রীদের মধ্যেও আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সপ্তম শ্রেণির ওই ছাত্রী কেন এমন চরম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করল, তার নেপথ্যে কোনও মানসিক চাপ, পারিবারিক বিষয়, হোস্টেল বা অন্য কোনও কারণ রয়েছে কি না—তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখবে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *