আগরতলা, ২৯ আগস্ট : দিলীপ, তরুণ, অরবিন্দ, রাজেশ্বর এবং সুমিত্রা সিনহার শহিদান দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর ডুকলি বিভাগীয় কমিটি। শনিবার হাঁপানিয়াস্থিত সিপিআই(এম) মহকুমা কার্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরকে ঘিরে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, এসএফআইয়-এর রাজ্য সম্পাদক সৃজন দেব, রাজ্য সভাপতি প্রীতম শীল, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক পরিতোষ দেবনাথ, সভাপতি পঙ্কজ সরকার-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই উদ্যোগের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে যুব সমাজের একাংশ নেশা, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার পাশাপাশি যুব সমাজকে সৃষ্টিশীল ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদান একটি অত্যন্ত মহৎ সামাজিক কর্মসূচি। শহীদদের স্মরণে এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির এই উদ্যোগ তাই বিশেষ তাৎপর্য বহন করে। যুব সমাজের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি আরও বেশি করে আয়োজন করা প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন।
বিরোধী দলনেতা এসএফআইয়-এর কর্মী-সমর্থকদের আরও বেশি করে সৃষ্টিশীল ও জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিনের রক্তদান শিবিরে মোট ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহিদদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি রক্তের সংকট মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উদ্যোক্তারা।

