জিরানীয়া , ১১ জুলাই : ডিজিটাল শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে স্কুলে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) চালু থাকলেও শিক্ষার্থীদের মাথার উপর নিরাপদ ছাদের ব্যবস্থা নেই। এমনই চিত্র ধরা পড়েছে পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়া মহকুমার বরখা সার্কেলের অধীন টিটিএএএডিসি-র ইন্সপেক্টর অব স্কুল (আইএস) মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জেবি স্কুলে।
দীর্ঘদিন ধরে স্কুলটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে স্কুলের শ্রেণিকক্ষগুলোর ছাদ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। বর্ষাকাল শুরু হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই শ্রেণিকক্ষের ছাদ দিয়ে জল পড়তে শুরু করে। ফলে শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে পাঠ গ্রহণ করতে পারে না। অনেক সময় বাধ্য হয়ে তাদের স্টাফ রুমে গিয়ে আশ্রয় নিতে হয় এবং সেখানেই ক্লাস পরিচালনা করা হয়। এতে একদিকে যেমন স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের জরাজীর্ণ অবস্থা ও ছাদ মেরামতের প্রয়োজনীয়তা সম্পর্কে একাধিকবার ইন্সপেক্টর অব স্কুল (আইএস) মান্দাই এবং সংশ্লিষ্ট শিক্ষা দফতররকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারের আবেদনও জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
অভিযোগ রয়েছে, মাঝে মাঝে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে স্কুলে এসে পরিমাপ বা মেজারমেন্ট করা হলেও তার পর আর কোনও কাজের অগ্রগতি দেখা যায় না। বছরের পর বছর ধরে একই পরিস্থিতি বজায় থাকায় ক্ষোভ বাড়ছে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় অভিভাবকদের বক্তব্য, শিশুদের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত। অথচ ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন পড়াশোনা করতে বাধ্য হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক এবং এলাকাবাসীর একটাই দাবি—আর শুধু মাপঝোক বা আশ্বাস নয়, অবিলম্বে বিদ্যালয়ের ছাদ মেরামতসহ প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

