কোচবিহার, ২৮ নভেম্বর : কোচবিহার জেলার তুফানগঞ্জ-১ ব্লকে একটি আসবাবপত্র নির্মাণের কারখানায় গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামারি মহাশ্মশান সংলগ্ন এলাকায় এই ঘটনার কথা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় ও কারখানা সূত্রে জানা গিয়েছে, কারখানার ভেতরে বাঁশের বেড়া দিয়ে তৈরি একটি ঘরে রঙের একাধিক ড্রাম রাখা ছিল। অভিযোগ, গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী ওই ঘরটির বাঁশের বেড়ায় আগুন ধরিয়ে দেয়। আগুনে বেড়াটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলেও, সৌভাগ্যবশত ভেতরে থাকা রঙের ড্রামগুলিতে আগুন লাগেনি।
জানা গিয়েছে, ওই ঘরটির ঠিক পাশের একটি ঘরেই কারখানার মালিক তাঁর পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক এবং তাঁর পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
কারখানার মালিক প্রণব কুমার রায় শুক্রবার জানান, তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে এই ছোট কারখানাটি শুরু করেছিলেন এবং এখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করেন। তাঁর অভিযোগ, গভীর রাতে পরিকল্পিতভাবেই রঙ রাখার ঘরটিতে আগুন লাগানো হয়েছে। যদি কোনোভাবে রঙের ড্রামগুলিতে আগুন লেগে যেত, তবে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারখানার মালিক তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

