বিএসএফ ক্যাম্পের জমি উদ্ধারে প্রশাসনের অভিযান, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক বাড়ি ও দোকানঘর

বক্সনগর, ২৮ নভেম্বর : ফের সংবাদ শিরোনামে বক্সনগরের আশাবাড়ি। বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অবৈধ নির্মাণ উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শনিবার সকাল থেকেই সিপাহীজলা জেলার আশাবাড়িতে বুলডোজার নিয়ে অভিযানে নামে প্রশাসন। বিএসএফ ক্যাম্পের জমি দখলমুক্ত করার লক্ষ্যে চালানো এই অভিযানে একাধিক ঘর ও দোকানঘর ভেঙে ফেলা হয়। পাশাপাশি বন দফতরের জমিতে নির্মিত আরও দুটি বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি ভাঙার সময় পরিবারের সদস্যদের কান্না ও আর্তনাদে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনার পর থেকে প্রায় এক মাস ধরে বক্সনগরের আশাবাড়ি এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার দিন আক্রান্ত বিএসএফ জওয়ানরা যথেষ্ট ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছিলেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে ওঠে বিএসএফ। পাচারকারীদের কার্যকলাপ দুর্বল করতে শুরু হয় একের পর এক অভিযান। এই অভিযানে প্রশাসনের বিভিন্ন স্তর থেকেও সহযোগিতা করা হচ্ছে বলে জানা গেছে।

এই ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই আশাবাড়ি বিএসএফ ক্যাম্পের জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। জানা গেছে, বক্সনগর তহশীলের আশাবাড়ি মৌজায় অবস্থিত বিএসএফ ক্যাম্পটি ১২ কানি জমির উপর নির্মিত। জমিটির খতিয়ান নম্বর ৭২৫ এবং দাগ নম্বর ৩৫৮/১৮৩৬। অভিযোগ, ক্যাম্পের জন্য বরাদ্দ জমির একাংশে দীর্ঘদিন ধরে এলাকার ছয়জন ব্যক্তি বসতঘর ও দোকানঘর নির্মাণ করে বসবাস ও ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন আজাদ হোসেন, রফিকুল হক, উত্তম মজুমদার, ইকবাল হোসেন, ফাতেমা খাতুন এবং গিয়াস উদ্দিন।

প্রশাসনিক সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর বিএসএফ-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট ছয়জনকে নোটিশ পাঠিয়ে ফটিকছড়া হেডকোয়ার্টারে হাজির হতে বলা হয়। সেখানে শুনানির পর ক্যাম্পের জমি দখলমুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের পর আজাদ হোসেন, রফিকুল হক ও উত্তম মজুমদার নিজেদের দোকানঘর ভেঙে সরিয়ে নেন। পরবর্তী সময়ে ফাতেমা খাতুন, ইকবাল হোসেন এবং গিয়াস উদ্দিনও নিজেদের বসতঘর ভেঙে অন্যত্র সরিয়ে নেন।

তবে আজাদ হোসেনের দুটি ঘর ভেঙে ফেলার পরও আরও দুটি ঘরের কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট নির্মাণ ভেঙে জমি সম্পূর্ণ দখলমুক্ত করতেই শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা। অভিযানে উপস্থিত ছিলেন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ, বন দফতরের কর্মী এবং জেলাশাসকের প্রতিনিধিরা।

অভিযানকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা বিএসএফ, রাজ্য পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয়। সকাল ১১টা নাগাদ আজাদ হোসেনের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার কাজ শুরু হয়। অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত।

এদিকে, ঘর ভাঙার আগে আজাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে অবশিষ্ট অংশ নিজেদের উদ্যোগে ভেঙে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে দুদিনের সময় চাওয়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু উপস্থিত আধিকারিকরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শনিবারের মধ্যেই উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই বুলডোজার চালিয়ে অবশিষ্ট নির্মাণ ভেঙে ফেলা হয়। ঘরবাড়ি ভাঙার দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাঁদের কান্না ও চিৎকারে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

শুধু বিএসএফ ক্যাম্পের জমিতেই সীমাবদ্ধ থাকেনি উচ্ছেদ অভিযান। পরবর্তী সময়ে অভিযানকারী দল বন দফতরের জমিতে নির্মিত আরও দুটি বাড়ির দিকে এগিয়ে যায়। ভুলন মিয়া ও স্বপন মিয়া নামে দুই ব্যক্তির বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে একদিনের অভিযানে একাধিক পরিবারের বসতবাড়ি ও নির্মাণ কার্যত মাটির সঙ্গে মিশে যায়।

তবে এই জমি নিয়ে রয়েছে পুরনো ইতিহাস এবং সীমানা সংক্রান্ত বিতর্কও। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের আগে বর্ডার রোড তৈরির সময় সংশ্লিষ্ট পরিবারগুলোর বসতভিটে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরই তাঁরা বর্তমান এলাকায় এসে বসবাস শুরু করেন। অন্যদিকে, ২০০৭ সালে বিএসএফ ক্যাম্প নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১২ কানি জমি বরাদ্দ করা হয়েছিল বলে জানা গেছে।

এখানেই উঠে এসেছে জমির সীমানা নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থানীয়দের একাংশের অভিযোগ, বিএসএফকে জমি বরাদ্দ দেওয়ার সময় যে মানচিত্র তৈরি করা হয়েছিল, তার সঙ্গে তহশীল কাছারিতে সংরক্ষিত জমির মানচিত্রের কোনও মিল নেই। ফলে জমির প্রকৃত সীমানা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে তাঁদের দাবি। অনেকের ধারণা, জমির সঠিক সীমানা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় সংশ্লিষ্ট পরিবারগুলো সেখানে বাড়িঘর ও দোকান নির্মাণ করেছিলেন।

সব মিলিয়ে বিএসএফ ক্যাম্পের জমি দখলমুক্ত করার প্রশাসনিক অভিযানকে কেন্দ্র করে নতুন করে আলোচনার ঝড় উঠেছে বক্সনগরে। একদিকে সীমান্ত নিরাপত্তা ও সরকারি জমি উদ্ধারের প্রশ্ন, অন্যদিকে দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলোর পুনর্বাসন এবং জমির সীমানা সংক্রান্ত অস্পষ্টতা—সব মিলিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে জমির মানচিত্র নিয়ে ওঠা অভিযোগের প্রকৃত সত্য কী, তা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনের এই অভিযানের পর সংশ্লিষ্ট পরিবারগুলোর ভবিষ্যৎ কী হবে, এখন সেটাই দেখার বিষয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *