প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক বিবাদ পৌঁছল থানায়, ভাইপো অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের কাকা বাবুনের

কলকাতা, ২৮ নভেম্বর : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অন্দরের বিবাদ এবার গড়াল পুলিশ থানা পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বৃহস্পতিবার তাঁর ভাইপো তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে বিচারব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপমান এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর এই ঘটনাকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
বাবুন বন্দ্যোপাধ্যায়ের তরফে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, গত ৭ নভেম্বর ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নিরাপত্তা সংক্রান্ত একটি বিচারাধীন মামলার উল্লেখ করে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছিলেন। অভিযোগ, তিনি বিচারব্যবস্থার একটি অংশকে ‘মূক দর্শক’ এবং ‘বিকিয়ে যাওয়া’ আখ্যা দিয়ে রাজ্যে হিংসার জন্য আদালতগুলিকে দায়ী করেন। এই মন্তব্যের পর গত ১৭ নভেম্বর কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল বা কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল।
বাবুনের অভিযোগ, আদালতের নোটিশের পরও অভিষেক থামেননি এবং সংবাদমাধ্যমের সামনে বিচারব্যবস্থাকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘বিজেপির চাপে প্রভাবিত’ বলে দাবি করেন। এর পাশাপাশি, গত ২৪ সেপ্টেম্বর ‘এক্স’ -এ একটি পোস্টের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার এবং দেশের প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা ও শীর্ষ আদালতকে প্রকাশ্যে চরমপত্র (আল্টিমেটাম) দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
অভিযোগে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে বারবার এ ধরনের মন্তব্য করে সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা তৈরি করা হচ্ছে, যার ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এরই সঙ্গে চিকিৎসার অছিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগাতার বিদেশ সফরের প্রসঙ্গ টেনে এনে রাজ্যকে অস্থিতিশীল করার পেছনে কোনো বিদেশি ষড়যন্ত্র বা বিদেশি অর্থের ভূমিকা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে। অভিযোগপত্রে বিচারকদের ভীতি প্রদর্শন, সরকারি কাজে বাধা দান এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ (১৯৬৭)-এর আওতায় তদন্ত চালিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, নিজের পরিবারের সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক গত কয়েক বছর ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাওড়া থেকে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং নির্দল প্রার্থী হিসেবে লড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন; যার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন।
যদিও ওই বছর ভাইফোঁটার দিন তিনি কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু ২০২৫ সালে তাঁর একমাত্র মেয়ে অগ্নিশার বিয়েতে বন্দ্যোপাধ্যায় পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। চলতি বছর মে মাসে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘ভাইপো প্রীতি’-র অভিযোগ তোলেন। সম্প্রতি ভাইফোঁটার আগের সন্ধ্যায় তিনি ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিজের পুজোয় স্বাগত জানান এবং দিদির কাছ থেকে ফোঁটা না নেওয়ার ঘোষণা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভাইপোর বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ দায়ের করে বাবুন একপ্রকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নতুন করে মোর্চা খুলেছেন। অন্যদিকে, এই ঘটনাপ্রবাহে প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, তাঁরা নিজেদের কত বড় মমতা ও অভিষেক বিরোধী হিসেবে প্রমাণ করতে পারেন, এসব তারই চেষ্টা। এটি সত্যিই অত্যন্ত নিম্নমানের রাজনীতি; এই বিষয়ে এর বেশি কিছু বলতে চান না বলে জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *